
মোশাররফ হোসেন
মন পড়ে রয় নদীর কূলে উদাস দুপুর বেলায়,
মন পড়ে রয় ফুল বাগানে মন ভ্রমরার খেলায়।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
নদীর জলে সকাল দুপুর
ডুব দেওয়া সেই সোনালী দিন গেল আমার কই?
স্মৃতির পাতায় ফিরে চাইলে শুধুই অবাক হই।
মন পড়ে রই নদীর চরের ফুটবল খেলার মাঠে,
মন পড়ে রয় ডুমুর গাছের ক্রিকেট ব্যাটের কাঠে।
বিকেলজুড়ে খেলাধুল
কভু কি আর যায়রে ভুলা
কাটানো সেই কিশোর বেলা গেল আমার কই?
ভেবে ভেবে এই আমিটা অবাক চেয়ে রই।
মন পড়ে রয় কাঁঠাল গাছে, সদর বাড়ির পিছে,
করছি কত দোকানদারি সেই গাছেরই নিচে।
কাঁঠাল গাছের ঝরা পাতায়
হাজার সদাই মিলত সেথায়
হুড়োহুড়ি লুটোপুটির ছিল না তো শেষ,
আমার সেদিন কোথায় গিয়ে হলো নিরুদ্দেশ।



