

প্রিয়তু প্রাপ্তি
একটি শহরের গল্প বলব আজ,
অদ্ভুত মায়ার সে শহর,
ছোট্ট-খাট্ট, ব্যস্ত মানুষের হুটোপুটিতে ক্লান্ত সে শহরের-
মানুষের পদচারণায় মুখরিত,চরপাড়া,গাঙ্গিনাপারের-
প্রতিটি পাড়ায় পাড়ায়, ফুটপাথে ভেসে ওঠে,
জীবন ও জীবিকার বৈচিত্র্য।
নতুন বাজার,বাউন্ডারি রোড,পন্ডিত পাড়ার প্রতিটি দেয়াল কান পেতে, মন দিয়ে শোনে-
ছাত্রদের অট্টহাসি, কান্না,প্রতিজ্ঞা কিংবা হতাশার কারণ।
সে শহরে, পবিত্র ঈদের দিনে-
মুসলিম ভাইদের কোলাকুলিতে
মুখরিত ভাটিকাশর জামে মসজিদ,জামিয়া ইসলামিয়া, কাঁচিঝুলি রোডের জাতীয় ঈদগাহে লেখা হয় ভ্রাতৃত্বের গল্পগাথা।
আবার,শহরের শরতের সুনীল দিনগুলোতে, কিংবা হালকা শিশিরময় কার্তিকে- দেবী দুর্গা, কালী ঘটা করে আমন্ত্রিতা হন,পূজিতা হন
রামকৃষ্ণ মিশন, দূর্গাবাড়ী, ছোট বাজার রোডের ঐতিহ্যবাহী মন্দিরগুলোয়।
কৃষ্টপুরের সেইন্ট প্যাট্রিক ক্যাথেড্রালের বেঞ্চটার উপর ফাদার নীরবে জেসাসের কাছে প্রার্থনা করে যান।
তবে, শহরটার কাচারি এলাকায় অবস্থিত শশীলজে-
দেবী ভেনাস এখন আর শৌর্য ছড়ান না,
আর তাই হয়তো,রাজবাড়ির পুকুরঘাট, আর তার সাথে লাগোয়া তালগাছটা সারাদিন শাপ-শাপান্তর করতে থাকে,
মানুষের ক্ষয়ে যাওয়া চেতনাকে লক্ষ্য করে।
শহরটার একপ্রান্তে যখন,মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ইউনিটে কাতরাতে থাকা রোগীটার জন্য,
ক্লান্ত ডাক্তার লড়াই করে যান,
দারিদ্রের, অশিক্ষার, সমাজের চাহিদার আর রোগের বিরুদ্ধে।
ঠিক তখনই প্রাচীন এই জনপদের দক্ষিণে-
কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলোয় চলে,
দেশের সুজলা সুফলা ভবিষ্যতের পোস্টমর্টেম।
আমবাগান, লিচুবাগান, নারকেল বাগানের সে সরু রাস্তা, কিংবা-
জব্বারের মোড়,ক্যাফেটেরিয়া সাক্ষী হয়ে থাকে-
বন্ধুত্বের, প্রেমের, সাফল্যের কিংবা ব্যর্থতার।
আর ব্রহ্মপুত্র! সে তো এক ঘোর লাগানো জীয়নকাঠির নাম,
নীরবে হাসতে থাকে, বইতে থাকে, ঢেউগুলোর মৃদু উত্তাল কোনো কোনোদিন নজরুলের বিদ্রোহী সত্তার মতোন সোনালি ঝলকানি দেয়,
টুকে রাখে, তার উপর হওয়া সকল অবিচারের হিসেব।
চরজাগা বুক স্মৃতি বয়ে বেড়ায়-
জয়নুলের তুলির সেই ক্ষীপ্র আঁচড়ের,
শীর্ষেন্দুর দুরন্ত শৈশবের।
কত্ত রঙিন, উজ্জ্বল স্বপ্নমাখা গৌরবগাঁথায় পূর্ণ সেই ছোট্ট শহর!
শহরটার শেষ স্টপে আসে, চিরচেনা ময়মনসিংহ জং-
তিস্তা নামের ট্রেনটা বাস্তবতার হুইঁসেল বাজায়,
পিঠের ব্যাগটায় আস্ত শেকড়কে গুছিয়ে,
আঁধারের যাত্রীর দল সংকোচে পা বাড়ায়,
বগির জানালায় ভেসে উঠে, ছোট্ট শহরটার জীবন্ত চিত্রকর্ম…
তিস্তা এক্সপ্রেস সেই শহরকে পিছনে ফেলে আসতে থাকে,
দিগবিদিক পোঁ ঝিকঝিক, ঝিকঝিক,ঝিকঝিক শব্দের রিনিঝিনি তুলে…



