আন্তর্জাতিক

শ্রীলংকার শিশুদের জন্য আড়াই কোটি ডলার চায় ইউনিসেফ

শ্রীলংকায় চলমান অর্থনৈতিক বিপর্যয়ের প্রভাব পড়েছে দেশটির শিশুদের ওপর। এই সংকটের ফলে দেশটির প্রায় অর্ধেক সংখ্যক শিশুর কোনো না কোনো ধরনের মানবিক সহায়তার প্রয়োজন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দেশটির শিশুদের জীবন বাঁচাতে আড়াই কোটি মার্কিন ডলারের আবেদন করেছে জাতিসংঘ জরুরি শিশু তহবিল (ইউনিসেফ)। খবর নিউজওয়্যার।

আগামী সাত মাসে দেশটিতে ঝুঁকিতে থাকা প্রায় ১৭ লাখ শিশুর পুষ্টি, স্বাস্থ্য, নিরাপদ খাবার পানি, শিক্ষা এবং মানসিক স্বাস্থ্য নিশ্চিতে ২ কোটি ৫৩ লাখ মার্কিন ডলার সহায়তা চেয়েছে সংস্থাটি। এদিকে আগামী চার মাসের মধ্যে দেশটির সবচেয়ে পশ্চাৎপদ জনগোষ্ঠীর জরুরি চাহিদা মেটাতে এরই মধ্যে একটি আবেদন চালু করেছে জাতিসংঘ।

শ্রীলংকায় ইউনিসেফের প্রতিনিধি ক্রিশ্চিয়ান স্কুগ বলেন, চলমান সংকটে শ্রীলংকার পরিবারগুলো তাদের সামর্থের সীমায় পৌঁছে গেছে। শিশুরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে খালি পেটে বিছানায় যাচ্ছে। অনেক শিশু নিয়মিত স্কুলে যাচ্ছে না। শিশু এবং গর্ভবতী নারীদের জন্য হাসপাতালের ওষুধ দ্রুত ফুরিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমরা যদি এখনই কাজ না করি, তাহলে এই সংকটের জন্য সবচেয়ে ঝুঁকিতে থাকা ছেলে-মেয়েদের সবচেয়ে বেশি মূল্য দিতে হবে। শ্রীলংকার শিশুরা এরই মধ্যে দারিদ্র্য, কভিড-১৯ এবং বারবার জলবায়ু বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। তার ওপর চলমান অর্থনৈতিক সংকটটির প্রভাব এই শিশুদের ওপর আনুপাতিক হারে বেশি পড়েছে।

ক্রিশ্চিয়ান স্কুগ বলেন, ইউনিসেফ তার মানবিক আবেদনের মাধ্যমে শ্রীলংকার শিশুদের সহায়তা করার জন্য দাতাদের জোরালোভাবে আহ্বান জানাচ্ছে। বছরের পর বছর ধরে শিশুদের জন্য শ্রীলংকার যে অর্জন, সেটি যেন স্থায়ীভাবে বিপরীতমুখী না হয়ে যায়- তা আমরা একসঙ্গে মিলে নিশ্চিত করে পারি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension