
হোসেইন দিলওয়ার
অলীক নারীর স্তন পান করে এসে
হেমন্ত সতেজ হলো নবান্নের দেশে।
খোলা চুলে কুলা হাতে
তুমি এলে পর—
হেমন্তের ধান হবো খলার ওপর।
অতঃপর চোরা চোখে
ভরাব এ মন,
সবিতা লুকিয়ে রাখে শিশির যেমন।
পুরুষ্টু ধানের গায়ে
কেটে দিও বিলি,
পান ভেবে, খেয়ে নেব আগুনের খিলি।
প্রেমজ মাধুরী মেশা
অণুভা অডিটে,
আলাদা করার পর ডানপিটে চিটে।
অনেক আদরে তুমি গোলাতে রাখিও—
তৃতীয় তৃষ্ণায় ফের আঙুলে মাখিও।



