
সেদিন ছিলাম আমরা দুজন স্পর্শহীন,
চোখের তারায় অনেক কথা-শব্দহীন।
মনের কোণে খুঁজেছিলাম জায়গাজমি,
হয়তো ছিল,খোঁজ পাইনি আমার আমি।
আকাশতলে সাদা মেঘের সুবাসখানি,
আকাশপানে তাকিয়ে থেকে সুবাস আনি।
আমার বড় সাধ ছিল সেই ভালোবাসার,
এই শহরে তোমার আমার স্বপ্ন গড়ার।
এই শহরে সবই আছে,সবাই আছে—
আমার ভীষণ কষ্ট পাওয়া জীবন আছে।
তোমার দেওয়া একটি সুখের গল্প আছে,
আমার ভীষণ কান্না জমা কষ্ট আছে।
এই শহরে আমরা আজও স্পর্শহীন,
চোখের তারায় ভাষা নিয়ে শব্দ বিহীন,
এই শহরে আকাশ তলে সন্ধ্যা মিলায়—
ভালোবাসার গল্পখানির সুবাস হারায়।



