কবিতাসাহিত্য

স্বেচ্ছা-স্বীকারোক্তি

তাহমিদ হাসান


মদিরা আর বারবধূর পিছে কেটেছে পঁচিশ
বছর; যৌবন ভেসে গেছে নর্দমার নষ্ট জলে।
কখনো ভাবিনি আমি, ফের কবিতার কৌতুহলে
কলমের কারুকাজ ভুলে যাবে বেদনার বিষ।

স্মৃতি যেন বুমেরাং, ফিরে আসে হারানো হৃদয়—
সদ্য যে যুবতী এনেছিল প্রণয়-পেয়ালা ভরে
চৈত্রের চাতক দুপুরে; তাহার রক্তিম অধরে
বসন্ত বেঁধেছিল বাসা, আঁখি ছিল স্বপ্নে তন্ময়।

কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে হায়, বিবাগী বাউল;
একতারায় বহুদিন পড়েনি প্রেমের পরশ—
সুরহীন সন্ধ্যা তর্ক করে—তবে কাহাদের ভুল?

হেমন্ত হারিয়ে গেছে, জলহীন অনেক বরষ
মাস; স্বেচ্ছা-স্বীকারোক্তিও আজ হয়তো অপ্রতুল;
তবু জানি, হে রমণী, এ আমার নিয়তির দোষ!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension