
পিদিমটা এখন নিভু নিভু
গভীর রাত, তোমার সুখ-নিদ্রার মতোই গাঢ়
আমিই শুধু এক নিশাচর ডাহুক।
ঘুম!
সেতো রিফিউজি ভেবে তাড়িয়ে দিয়েছে কবেই
যেভাবে তাড়িয়ে দিয়েছ অচেনা তুমি।
কি বা এমন ক্ষতি হতো
যদি নিত্য দিনযাপনে আমরা সারথ্য-ই থাকতাম?
চোখ মুছে দিতে দিতে না হয় ঠোট ফুলিয়ে বলতে-
‘এত রাত জাগছিলে কেন?
এভাবে রাত জাগলে তো মরে যাবে।’
চুমু একেঁ দিয়ে প্রতিউত্তরে বলতাম—
‘একটু রাত জাগলে মানুষ মরেনা রে পাগলি
মানুষ তো মরে নিঃসঙ্গতায়।’
তুমি কি জানো না,
প্রেমিকা ছেড়ে যাওয়ার দুঃখ
সিগারেটে দু-চারটা খিচ টান ধোঁয়ায় উড়িয়ে দেয়া যায়
কিন্তু পূর্ণ বিছানা শূন্য হয়ে গেলে
সেই দুঃখ উড়ান যায় না!



