
আচমকা দমকা হাওয়ায় নিভে গেল বিজলী বাতি। এ তল্লাটে এমনটি ঘটে না সচরাচর।
অপ্রয়োজনে অব্যবহারে আইপিএসের ব্যাটারি মারা খাওয়ার গপ্প বাসি হয়ে যায় নি এখনও। অথচ কী অবাক কাণ্ড! ভুতের বাতির মতো নিভে গেল দপ করে!
বজ্রপাতের আলো আঁধারের মাঝে ঝপঝপ বৃষ্টি।
ভেজা গরমে ঘেমে নেয়ে ঘুরে ওঠে মাথা। হঠাৎ পাশের বাড়ির এক ঝাপটা বাতাস নাসারন্ধ্র পথে ডুব দিল অনেক গভীরে…
হারিকেনের টিমটিমে আলোয় কাঁসার থালা হাতে বুবু। কলা পাতার উপরে লাল চাপড়া আর বড়ার সুবাস আসছে। মা তাল পিঠা বানিয়েছে। জিভে জল চলে এল! হঠাৎ বেয়াদবের মতো টরটর করে ওঠে ফ্যানটা। পটর পটর করে থিতু হবার চেষ্টায় টিউবলাইট।
আহারে শৈশবের স্মৃতি, কোথায় হারালি? আরেকটু দেরী করে আসলেও ক্ষতি ছিল নারে বিজলী!



