
ফেরদৌস জামান খোকন
নতুন বছর আসলো আবার
একটি বছর ঘুরে,
আপদ বিপদ চলে যাক সব
অনেক অনেক দূরে।
সবার মনেতে হাজার হতাশা
পুরান বছরে ছিলো,
অজানা একটা ভাইরাস এসে
প্রাণ কেড়ে কত নিলো।
নতুন সূর্য নতুন বাতাস
থাকবে সবাই ভালো,
বাইশ সালটা কাটবে সুখেই
যাবে চলে সব কালো।
ভালো কিছু হবে ভাবে নরনারী
বাঁচার করে যে আশা,
ভুবনের মাঝে মিলেমিশে রবে
বাঁধবে সুখের বাসা।
রবের নিকট চাই গো আমরা
রেখো তুমি সবে সুখে,
নতুন বছর নতুন চাওয়াতে
হাসি দিয়ো সব মুখে।



