
সাবেরা হোসাইন
যতনে রেখেছি তুলে…
শিউলি মাখা ভোরের শাড়ি
কিছু কাশ রঙ সকাল
কামরাঙা দুপুর
করমচার মতো সতেজ সন্ধ্যা
কিছু জোনাক বাতি, কিছু জোছনা।
মনের মাঝে -ই রয়েছ তুমি
তুমি নও কোনো ছবি
তুমি তুমি – ই
তোমার কাছেই–
নীল ঘুড়ি
নাটাই সুতো তোমাকে দিয়েছি
আমি শুধু উড়ি…
উড়তে উড়তে ভোকাট্টা হবো
একদিন জানি
কালপুরুষের পাশে নক্ষত্র হয়ে
অপেক্ষায় থাকবো
তোমার – ই।
সব কাজ শেষ হলে পৃথিবীর
মিথিলা মহুয়া হয়ে-
তুমি কিন্তু এসো আমার কাছে-ই।



