
গাজী আবু হানিফ
সবুজ মাঠের আঁচল জুড়ে সোনা রঙের ধান,
মাঠের চাষী কাটছে ফসল গাইছে খুশির গান।
হিমেল হাওয়ায় কাঁপন লাগে শিউলি তলার ঘাসে,
মিষ্টি সকাল উজল মুখে খুকুর চোখে হাসে।
দীঘির জলে কুয়াশারই হালকা চাদর ওড়ে,
রাতের বেলা টাপুরটুপুর পাতায় শিশির পড়ে।
মাঠের পরে মাঠ ছুটেছে সবুজ হারায় দূরে,
হেমন্ত যে বাজায় বাঁশি রাখাল মধুর সুরে।
নতুন ধানের পিঠে-পুলি গন্ধে মাতাল পাড়া,
শীতের বুড়ি আসছে ঝেঁকে দিচ্ছে বুঝি সাড়া।
হাঁসের দল ওই ডানা ঝাটে বিলের ধারে এসে,
মেঘের দলও বিদায় নিলো নীল আকাশের দেশে।
কিশোর মনে লাগে দোলা নতুন ধানের বাসে,
কার্তিক আর অগ্রহায়ণে ঘরে ঘরে হাসে।



