
গদি বাঁচাতে নেতানিয়াহুর নতুন টোপ, প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব
ক্ষমতা ধরে রাখতে শেষ চাল হিসেবে বিরোধী নেতা গাদি আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির (রোটেশনাল) প্রস্তাব দিতে যাচ্ছেন ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই প্রস্তাবে আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে নিজে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনেও রাজি হয়েছেন তিনি। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ ও সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ইতোমধ্যেই অনানুষ্ঠানিক মাধ্যমে ‘ইয়াশার’ পার্টির প্রধান আইজেনকোটের কাছে এই টোপ ফেলা হয়েছে।
তবে নেতানিয়াহুর এই প্রস্তাবে মোটেও ভরসা পাচ্ছেন না আইজেনকোট। আগামী ৬ ডিসেম্বর তার সরকার গঠনের প্রাথমিক সময়সীমা শেষ হতে যাচ্ছে। তাই নেতানিয়াহুর ফাঁদে পা না দিয়ে আগামী সপ্তাহেই নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এদিকে, আইজেনকোটের জোটসঙ্গী আভিগদর লিবারম্যান সতর্ক করে বলেছেন, লিকুদ পার্টিকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের প্রক্রিয়া ভেস্তে দিতেই নেতানিয়াহু এই চাল চেলেছেন। তার মতে, নেতানিয়াহু মূলত আরেকটি নির্বাচন চান এবং ঐক্য সরকারের নামে সময়ক্ষেপণ করে পরে কোনো অজুহাতে সরকার ভেঙে দেবেন।
উল্লেখ্য, গত অক্টোবরের নির্বাচনে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১২০ আসনের সংসদে সরকার গড়তে ৬১টি আসন প্রয়োজন হলেও আইজেনকোটের চার-দলীয় জোটের হাতে রয়েছে ৪৮টি আসন। ফলে সরকার গঠনে তাকে আরব বা কট্টর-অর্থোডক্স দলগুলোর সমর্থন নিতে হবে। অন্যদিকে, শুক্রবার এক বার্তায় আইজেনক সাফ জানিয়ে দিয়েছেন, লিকুদ পার্টি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে ছাড় দিতে রাজি নয়, তাই তাদের এই ‘প্রহসনে’ তিনি অংশ নেবেন না।
সূত্র: টাইমস অব ইসরাইল



