মারিওপোলে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী কলেরা
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপোলে প্রাণঘাতী কলেরার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে শহরটির মেয়র ভাদিম বোইচেনকো। শহরটির রাস্তায় রাস্তায় পড়ে থাকা মরদেহ পচে যাওয়ার কারণে আমাশয় ও কলেরা ছড়িয়ে পড়ছে বলে তিনি জানান। ছড়িয়ে পড়া প্রাণঘাতী রোগগুলোর প্রাদুর্ভাব মোকাবেলায় মানবিক সহায়তা চেয়েছে ইউক্রেন। খবর রয়টার্স।
রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা মারিওপোল থেকে শহরের অবশিষ্ট বাসিন্দাদের সরিয়ে নেয়ার জন্য জাতিসংঘ এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির কাছে একটি মানবিক করিডোর প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন মেয়র বোইচেনকো।
এদিকে ইউক্রেনের পূর্ব অংশে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। দেশটির পূর্বাঞ্চলীয় ছোট শহর সিভিয়েরোদোনেৎস্ক হয়ে উঠেছে রুশ বাহিনীর মূল লক্ষ্যবস্তু। যুদ্ধের চতুর্থ মাসে এসে শহরটি রক্তাক্ত রণক্ষেত্রে। এমন পরিস্থিতিতে রুশ বাহিনীকে প্রতিহত করতে পশ্চিমা দেশগুলোকে দ্রুত অস্ত্র পাঠাতে অনুরোধ করেছে ইউক্রেন।
ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চল আক্রমণে মনোযোগ নিবদ্ধ করছে। এই অঞ্চলে কিয়েভ জয় লাভ করতে ব্যর্থ হয়েছে। কর্মকর্তাদের প্রত্যাশা ওয়াশিংটনসহ পশ্চিমা দেশগুলো রকেট সিস্টেমসহ আরও ভালো অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি রক্ষা করলেই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়া সম্ভব।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের উপ-প্রধান ভাদিম স্কিবিৎস্কি ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকাকে জানান, এটি এখন একটি আর্টিলারি যুদ্ধে পরিণত হয়েছে। পশ্চিমারা আমাদের কী দেয় তার ওপর এখন সবকিছু নির্ভর করছে। ইউক্রেনের কাছে একটি আর্টিলারি পিস রয়েছে যেখানে রাশিয়ার কাছে রয়েছে ১০ থেকে ১৫টি।



