আন্তর্জাতিক

প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী পেল উ. কোরিয়া

প্রথমবারের মতো নারী পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির অভিজ্ঞ কূটনীতিক চো সোন-হুইকে এ পদে নিয়োগ দেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। আজ শনিবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কেসিএনএ জানায়, কিম জং উনের তত্ত্বাবধানে সরকারি দলের দুই দিনব্যাপী চলা একটি সভা থেকে উত্তর কোরিয়ার সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী চো সোন-হুইকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। তিনি কট্টরপন্থী সাবেক সামরিক কর্মকর্তা রি সোন গোনের স্থলাভিষিক্ত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন রি সোন দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন।

ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারা চো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় কিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন। এছাড়া তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের শীর্ষ বৈঠকগুলোতেও তিনি যোগ দিয়েছিলেন। তবে ২০১৯ সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বৈঠকটি ব্যর্থ হলে পরবর্তীতে আর কোনো আলোচনায় অংশ নেয়নি উত্তর কোরিয়া।

এদিকে জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও কোরীয় উপদ্বীপে উত্তেজনা সৃষ্টি করে ক্ষেপণাস্ত্রসহ নানা বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা করেই চলেছে উত্তর কোরিয়া। এছাড়া জাপানসহ প্রতিবেশি দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য উত্তরকে হুমকি বলে মনে করছে। পাশাপাশি আলোচনার জন্য মার্কিন আহ্বান উপেক্ষা করে আসছে দেশটি। এমন এক উত্তেজনাকর পরিস্থিতিতে চো-কে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিলো উত্তর কোরিয়া।

গত মঙ্গলবার উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি সুং কিম সতর্ক করে জানিয়েছিলেন, দেশটি তাদের সপ্তম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এর আগে সর্বশেষ ২০১৭ সালে এ ধরনের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension