
আরেক মামলায় ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে হুমকিমূলক ভাষা ব্যবহার করার মামলায় ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত এ পরোয়ানা জারি করেন।
সিনিয়র জজ রানা মুজাহিদ রহিম সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে ২৯ মার্চের মধ্যে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি আরও বলেছেন, আদালত তার পরবর্তী কার্যক্রমে মামলা থেকে খারিজ চেয়ে ইমরানের আবেদনের ওপর যুক্তি শুনবে।
শাহবাজ গিলকে হেফাজতে নির্যাতন করার অভিযোগ এনে পিটিআই চেয়ারম্যান ইমরান খান গত ২০ আগস্ট পুলিশ ও বিচার বিভাগের নিন্দা জানিয়েছিলেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন, তার দল পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. আকবর নাসির খান, ডিআইজি এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে মামলা করবে।
প্রাথমিকভাবে ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তান পেনাল কোড (পিপিসি) এবং সন্ত্রাসবিরোধী আইনের (এটিএ) বিভিন্ন ধারায় মামলা করা হয়েছিল। এ ছাড়া ইসলামাবাদ হাইকোর্ট তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানিও শুরু করেছে।
পরে ইসলামাবাদ হাইকোর্ট সন্ত্রাসবাদের অভিযোগ থেকে ইমরানকে মুক্তি দেন এবং আদালত অবমাননার মামলায় ক্ষমা চাওয়ার পর ইমরান খানকে ক্ষমা করে দেন। তবে বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত হওয়ার পর দায়ের করা একই ধরনের আরেকটি মামলা দায়রা আদালতে বিচারাধীন রয়েছে।
সূত্র : ডন



