
ইমন হোসেন মিলন
তোমার একগুচ্ছ মায়া,
আমি গোলাপের মতো সাজিয়ে রেখেছি হৃদয়ের ফুলদানিতে!
তুমি হাত বাড়ালেই আমি ছুটে যাব,
ছুটে যাব প্রাণপণ,
যেভাবে চাতক ছুটে যায় বৃষ্টির কাছে।
তোমার চোখের অনন্ত অর্ণবে,
জ্বলজ্বল করে বিদগ্ধ স্নেহের অনাবিল পান্না,
যদি পাই তার দুয়েকটি কণিকা,
তবে জ্যোৎস্নার প্লাবনে ভেসে যাবে নিঃসঙ্গতার নিঝুম আঁধার!
তুমি ছুঁয়ে দিলেই বদলে যাবে ইতিহাস,
স্নিগ্ধ পরশ পেলেই,আবারো ফুটবে ঝরে যাওয়া প্রাণের পুষ্প!
বর্ষা হয়ে নামলে তুমি,
মৃত নদীতে আবারো খেলবে জোয়ার!
তুমি মোর সেই কবিতা, অস্তিত্বের সবুজ প্রান্তরে—
বর্ণিল ঘাসফুল হয়ে ‘যে’ ফুটে আছে অনন্ত মায়ায়।
তোমার মুখে তাকাতেই,বিবর্ণ হয়ে যায় সৌন্দর্যের সকল সংজ্ঞা,
তুমি তারও অধিক সীমাহীন মুগ্ধতা!
জল্পনার রঙিন প্রজাপতি,
তোমাকে ঘিরেই ডানা মেলে আনন্দের অবাধ আকাশে।
তোমার প্রতীক্ষায়,
দিন এবং রাত্রির শিরায় বয়ে চলে এক রাশ উন্মাদনা!
হৃদয়ের শূন্যতায়, তুমি ভেসে আছো মোহিনী চাঁদের মতো,
ভরা পূর্ণিমার মাদকতায় উত্তাল আমার পৃথিবী।
অজস্র সংলাপ নয়,শুধু একটি কথায়,
তোমার একটি কথায়,
শূন্যতা বদলে যাবে পূর্ণতায়, শূন্যতা বদলে যাবে পূর্ণতায়!



