
শাহানাজ শিউলী
ঈদের খুশি লাগছে হাওয়ায়
গাইছে সুখে বনের পাখি,
ঐ যে দেখো পথশিশুর
অন্নহীনে অশ্রুআখিঁ।
অগ্নিদামে বাজার পোড়ে
পোড়ে তাদের স্বপ্ন সুখ,
চাল আনতে পান্তা ফুরায়
চোখের জলে ভেজে বুক।
ঈদের খুশি ঈদের হাসি
বিত্তবানের পকেট ভরা,
ফিতরা যাকাত দিয়ে তারা
কিনবে নাকি স্বর্গধরা।
নতুন কাপড় নতুন জামা
মাংস,সেমাই তাদের জোটে?
হাতটি বাড়ায় দ্বারে দ্বারে
শুষ্ক হাসি মলিন ঠোঁটে।
সাম্যে গড়া ঐ ধরাতে
সাম্যবাদের আওয়াজ তুলি,
ঈদের খুশি বিলিয়ে দিতে
সব ভেদাভেদ যাবো ভুলি।



