
শাহানাজ শিউলী
সত্য কাঁদে পথের ধুলোয়, মিথ্যা রঙিন সাজে
স্বার্থলোভে ব্যস্ত সবাই, তেল লাগানো কাজে।
চক্ষু দুটি বাঁধা সবার, কে আপন আর পর?
অন্ধকারে খাই যে হোঁচট,পাই না আপন ঘর।
বিবেক পচে, গন্ধ ছড়ায় টাকার পিছে পিছে
সত্য মানুষ ভাবছি যাকে, দেখছি—সবই মিছে।
চোখ বাঁধা আজ শহরজুড়ে, চোখ বাঁধা ও গাঁয়ে।
ভাইয়ে ভাইয়ে স্বার্থের কাঁটা বিঁধছে পায়ে পায়ে।
চেনার মতো চোখ নেই তাই, নিভে গেছে আলো,
আলোটাকে দিচ্ছে ঢেকে নিকষ আঁধার কালো।
বিশ্বাসেরাও কাঁচের মতো ভাঙছে প্রতিদিন,
যাচ্ছে ভুলে শিক্ষাগুরুর, বাবা-মায়ের ঋণ।
হাত বাড়িয়ে ধরছি যাকে, দেখছি সবই মেকি,
স্বার্থের — এই ভিড়ের মাঝে তবু স্বপ্ন দেখি।
চোখের বাঁধন খুলুক সবার বাঁচুক আপন ঘিরে,
মানবত ফিরে আসুক ভালোবাসার নীড়ে।



