
এই তো—
এই ছায়াতলে
নিত্যদিনের হাজার অভাব আশ্বাসে মাথা নোয়ায়,
এই ছায়াতলে
প্রশংসার পঞ্চমুখেরা বিগলিত আটখানায়,
এই ছায়াতলে
অভিযোগহীন কথামালা আছড়ে পড়ে রোজ সন্ধ্যায়,
এই ছায়াতলে
কত আহ্লাদ এসে ক্ষণে ক্ষণে ভীর জমায়,
এই ছায়াতলে
কতশত মায়া মমতা খেলে যায় অবলীলায়,
এই ছায়াতলে
নিঃশর্ত ভালোবাসারা কপালে নিত্যি চুমু খায়,
এই ছায়াতলে
না চাওয়া আদরেরা পরম স্নেহে ডানা ঝাপটায়
এই ছায়াতলে
ধরাসম জঞ্জাল দূর হয় অসীম নির্ভরতায়।
আজ—
ছায়াহীন, মায়াহীন, আদর, আহ্লাদবিহীন
রৌদ্রের খরতাপে ধূসর বেলাভূমি,
স্মৃতিরা কেবলি হাতড়ে বেড়ায়
স্পর্শে কাতর বাবা তোমার চরণচুমি।



