
ফারজানা ইয়াসমিন
তোমার জন্য অপেক্ষা করে নিঃসঙ্গ রাত,
ক্লান্ত অশ্রুসিক্ত দু’চোখ কপোলে জলছবি আঁকে।
অনিচ্ছায় হলেও তোমার কথা মনে পড়ে,
নিজেকে আটকাতে না পারার ব্যর্থতা নিয়ে
মনের অজান্তে বুকে পাহাড় সমান দীর্ঘশ্বাস জমে।
পাথর হৃদয়ও কেঁদে ওঠে অবলীলায় বিষণ্ণ দুঃখ পুষে,
নদীর মতো ছুটে চলে মন তোমার কাছে আশ্রয় পেতে।
এত বড় সাগর কি পারে সেই নদীর জল চিনতে?
হাজারও উঁচু নিচু বাধা পেরিয়ে যে শুধু ছুটে এসেছে,
তার নীলে বিলীন হতে চিরতরে নিজের অস্তিত্ব মুছে দিয়ে।
আমি ঝিনুকের বুকে মুক্ত হয়ে আগলে রাখার মানুষ চাইলাম,
অথচ আমি পাথরে ধারে বুনোফুল হয়ে অপেক্ষায় থেকে গেলাম।



