
বাবু হক
বিপন্ন চরাচর
দূষণ আচ্ছাদিত কাঁঠাল ছায়ায়
এখন তোমার উজ্জ্বল উপস্থিতি।
ধোঁয়াশা ধূসরিত সময়ের গায়ে খোদিত
অবাক পঙক্তিমালা তোমার
দ্বিধান্বিত পাঠকমহল
চুলচেরা বিশ্লেষণের কাঠগড়ায়
‘…তোমার হৃদয় আজ ঘাস।’
জীবনানন্দ নামের প্রতি সুবিচার করা
অবগুণ্ঠনহীন বনলতা সেন
দু দণ্ড শান্তি হাতে
আমাদের তাড়িত করে
নাটরের মোহনীয় প্রকৃতির মায়াজালে।
তুমি চৈতন্যে বীজ বুনে চলা
এক সশব্দ শব্দ-জাদুকর
সমকালীন শব্দ সারথির প্রগলভ উচ্ছ্বাস,
অব্যক্ত হতাশা লালিত
আনন্দহীন তুমি জীবনানন্দ দাশ!



