
জসীম উদ্দীন মুহম্মদ
আমার মনের খবর, সে তো এক অশান্ত সমুদ্র
জোয়ার-ভাটায় মত্ত, গোপন কথার জালে আদ্র।
উপকূলে আছড়ে পড়ে সাদা ফেনার ঢেউ
বাইরে তার উচ্ছ্বাস, ভেতরের খবর জানেনা কেউ।
গভীর জলে লুকানো আছে কত না-বলা চিঠি
সেখানে ডুবুরি নামে না, কেবলই নীরবতার আঁটি।
কখনো শান্ত, আয়নার মতোন শুধু স্বচ্ছ জল
কখনো রুদ্রমূর্তি, তোলে ভয়ানক কলরোল।
ভেসে আসে কাঠ, ভাঙা নৌকা, হারানো স্মৃতি
সবকিছুকে টেনে নিয়ে চলে তার অফুরন্ত গতি।
সমুদ্রের সেই গহীনে অনন্তর যে রহস্যের বাস
আমার মনের কোণেও তেমন গভীর দীর্ঘশ্বাস!



