
মাহবুব হাসান
নয়টি মাসের যুদ্ধ শেষে
হয় স্বাধীন ভোর পাওয়া —
লাখো ভাইয়ের আত্মদানে
বয় বিজয়ের হাওয়া।
ভেঙে লোহার শিকল বেড়ি
বিজয় ঘুড়ি উড়ে
জয় ধ্বনিতে দেশটা হাসে
ষোলোই ডিসেম্বরে
পাখি উড়ে মুক্ত ডানায়
স্বাধীন হাওয়ায় ভাসে—
মুক্ত শিশির হেসে উঠে
রক্ত ভেজা ঘাসে।
সন্তানহারা মায়ের চোখে
খুশির অশ্রু ঝরে,
বিজয় উল্লাস ছড়িয়ে যায়
বাংলার ঘরে ঘরে।
শোকের ছায়া মুছে দেশটা
নতুন করে সাজে।
চলায় বলায় স্বাধীনতা
মাঠেঘাটে কাজে।
স্বপ্ন বিলীন হওয়া বোনের
বাঁচার আশা জাগে—
বীর বাঙ্গালি খেতাব বসে
যোদ্ধার নামের আগে।
বিজয় আসে প্রাণের দামে
জলাঞ্জলির পরে
জয় ধ্বনিতে দেশটা হাসে
ষোলোই ডিসেম্বরে



