
তুহীন বিশ্বাস
একফোঁটা বিষ-
ছড়িয়ে পড়েছে বিশ্বমানচিত্রের প্রতিটি রেখায়,
হিমসিম খাচ্ছে বিজ্ঞান, ল্যাবরেটরিগুলো স্তম্ভিত,
নিয়মিত বৈঠক উচ্চতর পর্যায়ে-
রাজনৈতিক, মানবিক আর রাষ্ট্রনীতির সাংঘর্ষিক অবস্থানে দোদুল্যমান সিদ্ধান্ত,
সরল অংকের জটিল সূত্র, সমাধানে দুই পার্শ্বের পার্থক্যটা রক্তাক্ত বেদনার,
নিক্তিতে প্রতিনিয়ত ওজন হচ্ছে জীবন মৃত্যুর প্রবহমান গতিসূত্র।
ক্ষুধার হিংস্রতা লণ্ডভণ্ড করে দিচ্ছে যত্তসব নিয়ম নীতি,
উবে গেছে প্রেমিকার মোহ, বাঁচার জন্যে প্রত্যাখ্যাত হচ্ছে ভয়ভীতি!
অন্ন, বস্র, বাসস্থান হুমকির মুখে দাঁড়িয়ে আছে সম্মুখে,
ঘুমন্ত শিক্ষানীতি, বেহিসেবী বেসামাল স্বাস্থ্যনীতি, ভঙ্গুর অর্থনীতি!
হতাশাগ্রস্ত সাধারন, দিগ্বিদিক ছুটছে মানুষ খুঁজছে শুধু বাঁচার অধিকার।
বিষক্রিয়ায় কোথাও রক্তের বিভৎস দাগ, কোথাও বেওয়ারিশ লাশ
প্রেমহীন কবিতা খুঁজে বেড়ায় সমুদ্রের জল, নির্মল বাতাস,
চাই একটুখানি সুখ আর প্রাণভরা স্বস্তির কোমল নিঃশ্বাস
মুছে যাক সব গ্লানি, ফিরে আসুক বেঁচে থাকার অগাধ বিশ্বাস।



