
নুশরাত রুমু
প্রতীচ্য ঢঙে সম্ভাষণ চাই না আর,
লজ্জাঘেরা নিরুচ্চার অভিমান
ভাঙাও প্রেমের পরশে।
দূরত্ব ঘোচাবে এতকাল নামঞ্জুর
হওয়া ওই ওষ্ঠের সুধা।
বিরহের ধুলোময় বার্তা নিয়ে
থমকে দাঁড়াল ধূম্র মেঘের দল,
খুশির আঙ্গিকে নিশিযাপনের
নীরব সাক্ষী হও এবার।
মনের জানলায় বৃষ্টির ছাট এসে
যখন বাতিল সংলাপ আওড়ায়,
উদার প্রকৃতির প্রশ্রয়ে আকাঙ্ক্ষার দেওয়াল টপকে এসো
ভোরের শৈত্যপ্রবাহের মতো।
জন্মগত বন্ধনও নিলাম হোক
প্রজন্মের শান্তির আকাশে।



