
১৯৬৯-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ

সেলিনা সুলতানা
কুষ্টিয়া তখন উত্তাল! মিছিলে মিছিলে গগনবিদারী নিনাদে স্লোগানের পর স্লোগান। সর্বস্তরের মানুষের অংশ গ্রহণ ছিল সেই সময়।
আমি তখন বিএসসি পড়ি কুষ্টিয়া সরকারি কলেজে। ছেলেদের মিছিলে এহসানুল কবির (হেলাল) আর মেয়েদের মিছিলে আমি ও ফরিদা বানু (আসগার উকিলের ওয়াইফ) খুব জোরে জোরে স্লোগান দিতাম। মিছিল কুষ্টিয়া কলেজ থেকে বের হয়ে সমস্ত রাস্তা দিয়ে ঘুরে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বের করে বড় রেলস্টেশন পর্যন্ত যেয়ে ওখানে কিছু সময় বক্তৃতা দিয়ে আবার আমরা ফিরে আসতাম কলেজে।
একদিন চাঁদসুলতানা স্কুলের গেট ভেঙ্গে ছাত্রীদের বের করা হয়েছিল। তাই এসপি সাহেব আমাকে তার অফিসে তলব করেন। তার অফিসে দেখা করতে গেলে উনি আমাকে প্রশ্ন করেন চাঁদসুলতানা স্কুলের গেট আমি কেন ভেঙেছি।
আমি তাকে বললাম, “আমার একার পক্ষে কি অত বড়গেট ভাঙ্গা সম্ভব?”
উনি আমাকে শাষিয়ে বললেন ফারদার যদি আপনাকে মিছিলে দেখা যায় তাহলে আপনাকে ইন্ডিয়ান স্পাই হিসেবে গ্রেফতার করা হবে। কারণ আপনার বাবা মা ইন্ডিয়াতে থাকেন। তারপর আমাকে চা খাওয়ার প্রস্তাব করলেন। আমি বললাম, “পুলিশের পয়সার চা আমি গ্রহণ করিনা।” তারপরে বাড়ি চলে আসলাম।
তার কয়েকদিন পর কুষ্টিয়ার গৃহিণীদের নিয়ে একটি মিছিল বের করা হয়। আমি সেই মিছিলে বোরকা পড়ে অংশ নিয়েছিলাম। মিছিলটি বের করা হয়েছিল থানাপাড়া মঈন উদ্দিন উকিলের বাড়ির কাছ থেকে।
মিছিলটি কুষ্টিয়া গার্লস স্কুল পার হয়ে যখন কুতুবুদ্দিন উকিলের গলির কাছে তখন মঈন উদ্দিন উকিলের ওয়াইফ রওশন আরা ভাবি আমাকে কানে কানে বললেন, “চন্দ্রা, তুই এই গলি দিয়ে যেয়ে কারও বাড়িতে উঠে বোরকা খুলে সোজা বাড়িতে চলে যা। এই অবস্থায় মিছিলে তোকে ধরলে কঠিন সাজা হয়ে যাবে।”
আমিও ভাবির কথামত তাই করলাম। গলিতে ঢুকে জয়েন উদ্দিনের বাড়ির সাথেই তার মেয়ের বাড়ি। তার বাড়িতে উঠে বোরকা খুলে কিছুক্ষণ পর বাড়িতে গেলাম।
১৯৬৯ সালের ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ পর্যন্ত আমার কুষ্টিয়ায় থাকা। এর পর ২০ তারিখে আমার বিয়ে হয়ে যায়।
১৮ তারিখে আমি কুষ্টিয়া হাসপাতালে একটা কাজে যাই। ১৯ তারিখ আমি কুষ্টিয়া ছাড়ি। কিন্তু ঐ ১৯ তারিখেই হাসপাতালে আগুন লাগানো হয়। এই ব্যাপারে আমার কিছুই জানা ছিলো না।
আগের যাওয়ার কারণে আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। কিন্তু, আমাকে পাবে কোথায়? আমি তো তখন শ্বশুর বাড়িতে।
লেখক: প্রয়াত মগবাজার টিঅ্যান্ডটি স্কুলের সহকারী প্রাক্তন প্রধান শিক্ষক। তিনি ২০২০ জুলাই মাসের ১০ তারিখে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। রচনাটি তার মেয়ে জামাতা আমির আহমেদ আজাদের সৌজন্যে প্রাপ্ত।



