
তাজমহল দেখার সাধ ছিল না কোন কালেই
হাহাকার ভরা অভিশাপ মনে হয়েছে চিরকাল।
শোভিত আলোর ঝলকানির আড়ালে যে কান্নার প্রতিধ্বনি কে রাখে তার খোঁজ?
ইতিহাস হতে চাইনি তাই গহীন অরণ্যের এক কোণে নির্জনতায় খুঁজেছি সুখ।
তুমি কেন তাল লয় ছন্দে দেখালে প্রভাত?
বুকের পাঁজরে অদম্য তৃষ্ণা নিয়ে
জলের প্রপাত ছেড়ে যে নিজেকে পোড়াতে
সারিবদ্ধ কাঠে সাজিয়েছিল চিতা
তাকে আর কতটা পোড়াবে তুমি?
লোকে যাকে প্রেম বলে আমি তাকে
যন্ত্রণার লেলিহান শিখায় পুষি।
শরীর হত্যার দায়ে বিচারের কাঠগড়ায়
দাঁড়াতে হয় আসামীর,
অথচ হৃদয় হত্যার বিচার করতে
আজও জন্ম হয়নি কোন বিচারকের।
যাকে পোড়াতে চাও,নিতে চাও প্রেমের পরীক্ষা,
সে রক্ত মাংসের এক জীবন্ত ফসিল।
আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা থেকে উত্থান।
তবু আকাশ আর মাটির স্বপ্নে বিভোর হয়ে
দাঁড়াই তোমাদের বর্ণিল পৃথিবীতে।
প্রেমিক হও বিনাস করো ভীরুতা
ঝরনার মতো বইয়ে দিতে বিস্তৃত পাহাড় হও।
ভেঙে ফেলো সীমাবদ্ধতার কাঁটাতার।
বুকের দিগন্তে উঠাও পূর্ণিমার চাঁদ।
নিবিড় শ্রোতের প্রবালে জন্ম হোক
আরেকটি দারুচিনি দ্বীপ।
কএকবার জেনে যাও দেশ বলে কিছু নেই
পুরো বিশ্বটাই একটা মানচিত্রে বাঁধা।।



