
কাউন্টিং
মস্কো থেকে মেক্সিকো আর প্যারিস থেকে পিকিং
ভোটের রেজাল্ট- লেটেস্ট খবর করছে সবাই সিকিং।
কাবুল থেকে কলোম্বো আর সিডনি থেকে শিলং
দেখছে সবাই ভোটের কালার লাল হলো না নীলং?
রোমের ঘুমের সময় গেছে দিল্লীও রাত জাগিং
ভোটের রেজাল্ট পাইতে দাদা আর কতোদিন লাগিং!
বার্লিন থেকে বাগদাদ সব টায়ার্ড হয়ে বোরিং
শেষ সংবাদ না নিয়ে কেউ নেটের থেকে নড়িং?
লাহোর থেকে লন্ডন আর পিসা থেকে পেনাং
সবাই জানে ভোট এখানে হয় না বেচা-কেনাং।
ডাকার থেকে ঢাকার পথেও চলছে কতো জাজিং
ফল নিয়া ফের তর্কে কেহ ধরছে নানা বাজিং।
রাত জেগে তাও মিলছে না ফল রেজাল্ট আজো নাথিং
কেউ জানে না জিতবে কারা, গাধা নাকি হাতিং?
ভোটের পরে ভোট আসে ভাই হায় কি ভোটের রানিং
কেউ বোকা নয় সবাই সজাগ সবাই বড় কানিং।
গণনা তাই চলছে যেমন হচ্ছে মিছিল মিটিং
কেউ দিতে চায় রেজাল্ট নিয়া আদালতে সিটিং।
দেশটা বিশাল একখানা ভোট তাও হবে না মিসিং
কাউন্টিংয়ের সিল এসে খায় এভরি ভোটে কিসিং।
স্বচ্ছ ভোটের এই দেশে তো হয় না ভোটের রিগিং
চাইলে পরেই যায় না করা নৈশভোটের ডিগিং।
তাই সবরে দেশটা জেগে করছে সময় পাসিং
ভোটের ছড়া লিখতে ভায়া আমিও জেগে আছিং।




