
শাহানাজ শিউলী
সভ্যতার সূর্য আজ অস্তমিত
ধীরে ধীরে গ্রাস করে আঁধারের কালরাহু
জোনাকির ক্ষীণ আলোয় চেনা পথটাও
আজ থমকে দাঁড়ায় নির্বাক, নিঃসঙ্গ, কুহেলিকাময়,
সাদা রংটা আজ বিবর্ণ
শব্দের বুকেও দগদগে ক্ষত।
চারিদিকে ধ্বংসযজ্ঞের উন্মত্ত আহাজারি,
স্বপ্নের ডালিরা ঘুরতেই থাকে কালবৈশাখী ঝড়ে।
গাছের কচি সবুজ রংগুলো ধীরে ধীরে
খেয়ে ফেলেছে পোকায়।
প্রকৃতির চোখেও তাই ক্লান্তির নোনাজল
লোকালয় জুড়ে মনুষ্যত্বহীনতার মহামারী।
স্বার্থের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বিবেক,
তবু এক টুকরো ভোরের অপেক্ষায়
অন্ধকারের দেয়ালে কেউ আঁকে আলোর প্রতিচ্ছবি,
দু’চোখ ভরে জ্যোতির্ময় স্বপ্নের।
ধ্বংসের প্রহর পেরিয়ে হারিয়ে যাওয়া মনুষ্যত্ব ফিরে আসুক মানুষের হৃদয়ে।
একদিন নতুন সূর্য উঠুক আর পৃথিবী শিখুক
নতুন করে বাঁচতে।



