
সারমিন চৌধুরী
কেন ভেসে যায় অসময়ের ঝড়ে?
পরম সাধের স্মৃতিমাখা দিনগুলি,
যা মায়ার মলাটে ভাঁজ করে রেখেছিলাম।
যেখানে রোজ বুনতাম হাজার স্বপ্নের জাল
চোখে থাকত পাখির মত নিরঙ্কুশ উন্মাদনা
প্রতিনিয়ত দুর্বার আকাশকে ছাড়িয়ে যাওয়ার;
লাগতে দিতো না বিষাদের ধুলো পাখাতে
ক্লান্তির অজুহাতে থামতো না পা পথিমধ্যে
গেলে যেত প্রখর রোদে খসে গাত্রের ছাল,
বিজলীর তীব্র চোখ রাঙ্গানি উপেক্ষা করেও
ঠিকই পৌঁছে যেতাম আপন গন্তব্য স্থানে।
আজ সেই চোখ মেঘমালা দেখে উৎকণ্ঠিত
জবুথবু হয়ে বসা আধমরা বৃক্ষের ডালে।
কতশত বাঁধা যাকে কভু ভাঙ্গতে পারেনি
কিন্তু আজ সেই আমি পরাহত বৃষ্টির কাছে,
যার নির্দয় প্রীতিহীন বিষে ছিলো ছলনা,
যে তার শীতল প্রলোভনে মুছে দিয়ে গেছে,
আমার গোটা জীবনের সব জমাপুঁজি।



