
লুৎফুর রহমান চৌধুরী
আয়না ভেবে যে অংশ হাতে নিয়ে ছিলাম
সেটি আরশি ছিলো না,
সেটি ছিল বিষ মাখানো এক টুকরো কাঁচ
যার একপাশে ছিলো বিষ,
অন্য পাশ ছিল ইস্পাতের মত ধারালো
কাঁচের টুকরোর সংস্পর্শে যেতে না যেতেই
ক্ষতবিক্ষত করে দিল কাঠ পোড়া হৃদয়
বিষ মাখা অংশটুকু দেহটাকে —
যন্ত্রণার দ্বার প্রান্তে নিয়ে গেল
নীরব এক ঘাতকের মতো।
কালো ছায়া হয়ে এসে মায়ার নদীর স্রোতে
ডুবিয়ে গেল কিছু সহজ সরল বাক্য
বুকে আলগে রেখেও শেষ রক্ষা হয়নি,
সময়ের ধাক্কায় বাক্যগুলো পাথরে রূপ নেয়,
পাথরের নিচে চাপা পড়ে যায় স্বপ্নগুলো!
মনে ইচ্ছে থাকা সত্ত্বেও —
মুকুর সামনে দাঁড়াতে ভীষণ ভয় হয়
ভয়টা জয় করার কোন পথ খুঁজে পাইনি
ওই আয়নার দু’পাশ খুবই ভয়ানক
রহস্যময়ী আয়নার রহস্য বোঝা বড় কঠিন।



