
আজকে রঙিন আজন্মকাল লুকিয়ে রাখা খেয়ালখুশির ইচ্ছেডানা
খুব কি কঠিন? সহজ কথা সহজ ভাবে ইচ্ছেমতো বলতে জানা।
অতর্কিতে আকাশ জুড়ে মেঘলা আদর শ্রাবণ ধারায়, দহন শেষে
আলগোছে তাই,আমায় ছুঁয়ে ইচ্ছে পালক কোন্ সুদূরে হাওয়ায় মেশে।
এমন দিনে, বন্ধ চোখে স্বপ্নদেখা কাব্য করা ভীষণ প্রিয়
সেই কারণে, সঙ্গ তোমার খরস্রোতে ত্রাতার মতোই চৌম্বকীয়।
পলাশ রাঙা, একটা সকাল পাঠিয়ে দিলাম তোমার নামে খুব গোপনে
যত্নে রেখো স্বর্ণকণা পাঁজর ভাঁজে খুব আড়ালে সুগন্ধিত নীলচে খামে।



