কবিতাসাহিত্য

উপহার

সঞ্জয় হালদার


তোমরা ব্যক্তিগত সম্পত্তির বিলোপ চাও
তাতে আমার কোনো দুঃখ নাই
সবকিছু জমা দেব যৌথ খামারে
কেবল আমার প্রেয়সীর দেয়া উপহার
বেদনাকে ছাড়া।

সমস্ত আকাশে সমঅধিকার ফলাও
আমার তাতে কোনো দুঃখ নাই
ব্রহ্মা ছুড়ে দেব আঙুলের তুড়িতে
কেবল আমার প্রেয়সীর থেকে পাওয়া উপহার
থাকবে আমার ব্যক্তিগত পুঁজি হয়ে।

সাগরের সব জল লিখে নাও তোমাদের নামে
আমার তাতে কোনোই দুঃখ নাই
কেবল আমার প্রেয়সীর দেওয়া বেদনাকে
কল কল ছল ছল শব্দে বয়ে যেতে দাও
বুকের গহিনে, ব্যক্তিগত পুঁজি হয়ে।

সকল প্রমোদতরি ভাসিয়েছি দরিয়ায়
অধিকার করো মিলেমিশে
কেবল একলা নৈঃশব্দ্যের ডিঙি বাইতে দাও
এ আমার প্রেয়সীর দেওয়া উপহার
তার ওপর কর্তৃত্ব কেবলই আমার।

আমায় এ পুঁজির মালিকানা ছাড়তে বোলো না
নিদারুণ যতনে পুষে রাখি তারে
একপরান ভালোবেসে পেয়েছি যারে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension