
শেখ সালাহউদ্দীন
বৃক্ষদের যদি ভালোবাস
ওরাও নিঃশর্ত ভালোবাসা দেবে
অকৃত্রিম ভালোবাসা পেলে
হবে অকৃপণ
নদীর শরীর স্পর্শ কর
পাবে একমুঠো জলের উল্লাস
কিছুটা সময় দাও শুনে নিতে একান্ত কথন
পেয়ে যাবে ঠিক গভীরতা;
পাখির কোমল বুকে তাক করে তির
ভাব— সে শোনাবে গান?
অরণ্যের অটুট আশ্বাস যদি দাও
সুরের খেলায় হবে মগ্ন।
দু পা রাখ নরম মাটিতে
দূর্বাদল হয়ত চুম্বন দেবে
প্রকৃত চুম্বন-স্বাদ পেতে
খুলে রাখ চকচকে নাগরিক জুতো।
চললেই পথ ভেবে নেবে সাথি
অকৃত্রিম বন্ধু হবে তার?
দ্বিধাহীন নেমে এসো পথে
পেয়ে যাবে সে-পথের আসল ঠিকানা।



