আন্তর্জাতিক

দুই ট্রাকে করে ৩০ হাজার বোতল ওয়াইন চুরি

ইতালির নামকরা একটি ওয়াইনারি থেকে প্রায় ৫০ লাখ ইউরো মূল্যের ৩০ হাজার বোতল ওয়াইন চুরির ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইতালির অন্যতম বৃহৎ পারিবারিক ওয়াইন উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্চেসি আন্তিনোরির তাসকানি অঞ্চলে অবস্থিত গুদামে গত শনিবার এ চুরির ঘটনা ঘটে। বিদেশি ক্রেতাদের কাছে ওয়াইনের চালান পাঠানোর প্রস্তুতি চলছিল তখন।

মুখোশ পরা অন্তত সাতজন দুর্বৃত্ত এ ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে। তারা গুদামের নিরাপত্তা অ্যালার্ম নিষ্ক্রিয় করে, নজরদারি ক্যামেরা অচল করে দেয়। এরপর প্রতিষ্ঠানের নিজস্ব ফর্কলিফট ব্যবহার করে দুটি বড় ট্রাকে করে মূল্যবান ওয়াইনের বোতলগুলো তুলে নিয়ে যায়।
চুরি হওয়া ওয়াইনের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির বিখ্যাত তাসকানি অঞ্চলের লাল ওয়াইন- তিগনানেলো, সোলাইয়া ও গুয়াদো আল তাসো।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রেনজো কোটারেল্লা ইতালির সংবাদপত্র কোরিয়েরে দেলা সেরাকে বলেছেন, ইতালিতে এ ধরনের সবচেয়ে বড় চুরির ঘটনা এটি।

তিনি বলেন, ‘এত বড় পরিসরে এবং এত বিপুল মূল্যের চুরির ঘটনা ইতালিতে আগে কখনো ঘটেনি।’
তবে চুরি হওয়া ওয়াইন উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
কোটারেল্লা বলেন, ‘পণ্যভর্তি দুটি ট্রাক তো হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তাসকানির সড়কগুলোতে প্রচুর ক্যামেরা রয়েছে। ভাগ্য সহায় হলে চুরি হওয়া অন্তত কিছু বোতল উদ্ধার করা সম্ভব হবে।’
ফিন্যান্সিয়াল টাইমসকে তিনি বলেন, ‘এই ওয়াইনগুলোর মূল্য অনেক বেশি। সারা বিশ্বে নজরে না পড়ে তারা কীভাবে এত ওয়াইন বিক্রি করবে, তা আমি বুঝতে পারছি না।’

প্রতিষ্ঠানটির ধারণা, চুরি হওয়া বোতলগুলোর ধরন দেখে মনে হচ্ছে, চোরেরা ওয়াইন সম্পর্কে ভালো ধারণা রাখে এবং গুদামের ভেতরের তথ্যও তাদের জানা ছিল। প্রতিটি বোতল সাধারণত ১৫০ থেকে ৫০০ ইউরো দামে বিক্রি হয়।
গত সোমবার সকালে কর্মীরা গুদামে এসে চুরির বিষয়টি প্রথম জানতে পারেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

১৩৮৫ সালে প্রতিষ্ঠিত মার্চেসি আন্তিনোরি বিশ্বের ১৭০টি দেশে ওয়াইন রপ্তানি করে। গত বছর প্রতিষ্ঠানটির আয় ছিল ২৬ কোটি ৩০ লাখ ইউরো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension