
ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় বড় মূল্য চোকাতে হলো ব্রিটিশ রাজনীতিবিদকে
যুক্তরাজ্যের গ্রিন পার্টির সম্মেলনে ‘জায়নবাদ একটি বর্ণবাদ’ শীর্ষক প্রস্তাব পাস হওয়ার পর দলটির নেতা জ্যাক পোলানস্কিকে ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিন পার্টির এই সিদ্ধান্ত মূলত ইসরাইল রাষ্ট্রকে ধ্বংসের বৈধতা দেওয়ার শামিল এবং এটি ইহুদিবিদ্বেষী।
ব্রাইটনে অনুষ্ঠিত দলটির সম্মেলনে ১ হাজার ২২ জন সদস্য এই প্রস্তাবের পক্ষে এবং ৮১৩ জন বিপক্ষে ভোট দেন। এর মাধ্যমে গ্রিন পার্টি যুক্তরাজ্যের প্রথম কোনো মূলধারার দল হিসেবে জায়নবাদকে বর্ণবাদ বলে স্বীকৃতি দিল এবং দ্বি-রাষ্ট্র সমাধানের বদলে সব ধর্মের মানুষের জন্য একটিমাত্র গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে মত দিল।
ইসরাইলের আইন অনুযায়ী ইহুদিদের দেশটিতে প্রবেশের অধিকার থাকলেও, রাষ্ট্রীয় বৈধতা নিয়ে প্রশ্ন বা নিরাপত্তা ঝুঁকি থাকলে তেল আবিব প্রায়ই নির্দিষ্ট ব্যক্তিদের নিষিদ্ধ করে থাকে।
সম্মেলনে এই প্রস্তাব পাস হওয়া নিয়ে দলের ভেতরেও কিছুটা মতবিরোধ তৈরি হয়েছে। দলের কো-ডেপুটি লিডার মোথিন আলী এই প্রস্তাবের জোরালো সমর্থন করলেও অন্য এমপিরা এর সমালোচনা করেছেন।
তবে গ্রিন পার্টির পাঁচ সংসদ সদস্য এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন যে, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে দাঁড়ানোর সঙ্গে ইহুদিদের অধিকারের কোনো বিরোধ নেই।
সূত্র: মিডলইস্ট আই।



