
বিদেশী পর্যটকদের জন্য চীনা সীমান্ত খুলছে
বিদেশী পর্যটকদের জন্য খুলতে যাচ্ছে চীনের সীমান্ত। তিন বছর আগে করোনা মহামারীর সময় বন্ধ হয় দেশটির দরজা। এরপর এই প্রথম বিদেশী পর্যটকদের ভিসা দিচ্ছে বেইজিং। খবর বিবিসি।
সীমান্তে বিধি-নিষেধ তুলে দেয়ার মাধ্যমে পর্যটন ও অর্থনীতি পুনরোদ্ধারের আশা করছে চীন। সরকারের নেয়া সিদ্ধান্তের ফলে আগামীকাল বুধবার (১৫ মার্চ) থেকে ভিসা পাবেন কয়েকটি দেশের পর্যটক।
প্রমোদ তরীতে আসা পর্যটকরা হাইনান দ্বীপ ও সাংহাইয়ে ভিসা মুক্ত প্রবেশের সুযোগ পাবেন।
এছাড়া হংকং ও ম্যাকাওয়ের ট্যুর গ্রুপের মাধ্যমে আসা পর্যটকরা ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন।
২০২০ সালের ২৮ মার্চের আগে যারা বৈধ ভিসা পেয়েছিল তারাও চীনে আসতে পারেন।
কভিড মহামারী ঠেকাতে নেয়া কর্মসূচিতে সবচেয়ে বড় আকারের পরিবর্তন আনতে যাচ্ছে চীন সরকার। এর আগে গত বছরের শেষ দিকে একদফা তুলে নেয় বিধিনিষেধ। আর পর্যটনের ক্ষেত্রে নতুন নীতিমালা ১৫ মার্চ বলবৎ হবে।
মহামারীর আগে কোটি কোটি বিদেশীর পদচারণায় মুখরিত থাকত চীনের পর্যটন কেন্দ্রগুলো।
জাতিসংঘ পর্যটন সংস্থার বরাতে দ্য স্ট্রেইটস টাইমস জানায়, ২০১৯ সালে চীনে ৬ কোটি ৫৭ লাখ বিদেশি পর্যটক এসেছিল। কিন্তু মহামারী শুরুর পর সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয় এশিয়ার বৃহত্তম অর্থনীতিটি।



