
তাহমিদ হাসান
জানি তুমি নও সখি, বেদনা বিধুর বেয়াত্রিচে
এক রাত একদিন বেসেছিলে অমায়িক ভালো;
যখন ভাঙলো ঘুম শাশ্বত স্বর্গের বহু নিচে
দুজনার দুটি পথ দুই দিকে হঠাৎ হারালো।
অসমাপ্ত পদাবলি কলম করছে বিরুদ্ধতা
করেছিল কাপুরুষ মেকি প্রণয়ের প্রবঞ্চনা;
বিবেকের ব্যর্থতায় প্রত্যাখ্যাত বিধির বারতা
পবিত্র রেখেছে প্রেম আজ পৃথিবীর কয়জনা?
অকস্মাৎ অন্ধকারে নিমজ্জিত নিখিল নীলিমা
মর্মান্তিক মনস্তাপে মানুষ ছুটছে দিগ্বিদিক
বিপর্যস্ত বসুন্ধরা দুর্ভাগ্যের নেই পরিসীমা।
অনঙ্গের আর্তনাদে পরাভূত মনের ঋত্বিক
ম্রিয়মাণ মহাকাল মেয়াদোত্তীর্ণ জীবন বীমা
দেখালে না পথ হায়, আমি তাই পাপের পথিক!



