
অন্ধকারে আমি শুনি ঝিঁঝি পোকা অবিরাম ডাকে
ব্যাঙের ছাতার নিচে খেলা করে নীল পিপীলিকা;
বিপুল বৃষ্টির গান ডাক দেয় হয়ত আমাকে
একদিন ভালোবেসে চলে গেছে মৌন মালবিকা।
নদীর জলের সাথে মিশে যায় বৃষ্টির বিলাপ
সূর্যের সোনালী হাসি বন্দি যেন মেঘের আড়ালে;
এমন মধুর দিনে কেহ নেই করব আলাপ
পাড়ি দেবো পারাবার মালবিকা দু’হাত বাড়ালে!
শাণিত বাদুড় গেছে রাত জেগে পতঙ্গ শিকারে
লক্ষ্মী পেঁচা বসে আছে নির্জন রাতের বিছানায়
অমরার আলো জ্বালে জোনাকিরা ভেজা বাঁশ ঝাড়ে।
নদীর যৌবন আজ ভরে গেছে কানায় কানায়
জানি আমি আসবে না মালবিকা রাতের আঁধারে
বাঁশরী নির্বাক তাই আজ এই ধ্রুপদী সন্ধ্যায়।



