
সিংহ পেয়েছে শণিতের স্বাদ
শিকারি সময় নীরব ঘাতক;
স্মৃতির দুয়ার খুলেছে হৃদয়
বেদনা জানায় ব্যথার জাতক।
সময়ের চাকা যেন গতিহীন
দিন জাগে তবু রাতের গভীরে;
হিসাব রাখিনি আমি কোনদিন
জেনেছি অতীত আসবে না ফিরে।
একদা তোমার দু’চখের নীলে
প্রণয় আমার গিয়েছিল ভেসে;
ভাসালো যখন অপার আবেগ
উঠেছিলে তুমি নিদারুণ হেসে।
পতঙ্গ পোড়ে দীপের শিখায়
অপরাধী নয় যদিও দেউল;
নিয়তি আমার খেলেছিল পাশা
যেন চিরায়ত সাপ ও নেউল।
আজ মনে পড়ে সেদিনের কথা
বিবেকের বাঁধ পড়েছিল ধ্বসে;
এক রাতে তুমি দিয়েছিলে ঠাঁই
যুবতী তোমার যুগল উরসে!



