
জহিরুল হক বিদ্যুৎ
শৃঙ্খল মুক্তির চেতনায় সেদিন
বর্ণমালা জ্বলে উঠেছিল রাজপথে।
শরীরে কাফন, বুকে ভাষাপ্রেম
ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মুহুর্মুহু স্লোগান
রাষ্ট্রভাষা বাংলা চাই
মাতৃভাষা বাংলা চাই।
হঠাৎ অসুর গর্জনে বুলেট-বৃষ্টি ঝরে
ভাষা সৈনিকের জাগ্রত-দ্রোহের বুকে।
ঝরে পড়ে রক্তফোঁটা, ভিজে যায় কলেবর,
লিখে যায় কালো ক্যানভাসে অ আ, ক খ–
উর্দু প্রত্যাখ্যান করে বাংলাভাষা বুকে ধরে
৫২’র কণ্ঠে সেদিন উচ্চারিত হয়েছিল
রাষ্ট্রভাষা বাংলা চাই
মাতৃভাষা বাংলা চাই।
মাতৃভাষা আজও শ্রদ্ধা ও গৌরবে সিক্ত হয়
সালাম, বরকত, রফিকদের তাজা রক্তে।



