
নবী হোসেন নবীন
বাঘ দেখে গাধা বলে তুমি ভবঘুরে
কিবা সুখ পাও তুমি রোদে পুড়ে পুড়ে?
বৃষ্টিতে কোথা তোমার থাকিবার ঠাঁই
শীতের কষ্ট কেমনে সহ তুমি ভাই?
আমি কত সুখে থাকি কৃষকের ঘরে
এক ফোটা বৃষ্টি মোর গতরে না পড়ে।
তুমি যবে রোদে পুড়ে হয়ে যাও ছাই
কৃষকের ঘরে আমি আরামে দাঁড়াই।
হিমেল হাওয়া হতে আমি থাকি দূরে
কনকনে শীতে তুমি কষ্ট পাও ঘুরে।
তোমার এ কষ্ট দেখে আমি কষ্ট পাই
বাঘ বলে শোনো তবে আমি বলে যাই।
কৃষকের ঘরে তুমি থাক পরাধীন
বনের ভেতরে আমি বেড়াই স্বাধীন।
আমি কত সুখে আছি এ স্বাধীন বনে
কেমনে বুঝিবে তুমি পরাধীন মনে?
পরঘরে থাক বলে বহ তার ভার
ভারবাহী বলে মোরে সাধ্য আছে কার?
সোনার শিকলে বাঁধা আছে যেই জন
সোনার মালিক নহে সেই অভাজন।



