
সারমিন চৌধুরী
তুমি ঝুমঝুম বৃষ্টি হয়ে
ঝরে পড়বে আমার হৃদয়ের উঠোনে
তোমাকে স্পর্শ করা জলকণা আমাকে ছোঁবে
যার প্রতিটি ফোঁটায় শীতল হয়ে সর্বাঙ্গ;
যখন গড়িয়ে পড়বে জলবিন্দু চিবুক বেয়ে
তোমার আহ্বানে লাল হবে চোখমুখ,ঠোঁট!
এমন করে বর্ষা গিয়ে আসবে শরৎশশী,
দিনদুপুরে কাশফুলে দেখবো তোমার ছবি।
কাশের পুচ্ছ হয়ে তুমি উড়ে এসে বসবে,
আমার এলোকেশী চুলে রোমাঞ্চিত বিকেলে।
তোমার স্পর্শে আনন্দে আটখানা হবে হিয়া,
সারারাত ঝরবে আমার উঠোনে শিশির হয়ে
ঘাসের ডগায় জমিয়ে রাখবে লাজুক জল
আমি নগ্ন পায়ে হাঁটবো প্রেমে শিহরিত হয়ে।
চোখ মেলে তোমাকে মুক্তা হয়ে জ্বলতে দেখে
আমি মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবো চিরকাল।
তুমি আমার আকাঙ্ক্ষিত শারদীয় চাঁদ।



