
মাসুম মোরশেদ
অচ্ছুৎ তুমি?
স্পর্শ সুখের চাবিকাঠি হাতে দূরে দূরে থাকো
ছুঁতো খুঁজি ছুঁতে, মরে যাবে তাতে?
কী অবলীলায়
ফাঁসির কাষ্ঠে চলে যাবো তবে বিনা অভিমানে
আর তার আগে
বিসর্জনের মহড়া চলুক নিকষ আঁধারে
কেউ যদি বলে,
শেষ ইচ্ছে কী? কী করার বাকি? কিছু চাই নাকি?
কই অনায়াসে,
শুধু একবার ছুঁতে চাই তাকে
তাহার ওষ্ঠ চক্ষুর পাতা তাতে যদি কাঁপে
শোন ভাইবোন,
যতটা পূণ্য করেছি কামাই
তার সবটুকু উইল দিলাম তাহারই নামে।
বলি, ভোগী হও
আমি দুর্ভাগা ফাঁসির রজ্জু গলায় পরেছি
ছোঁয়ার ইচ্ছে বুকে পুষি বলে।
একাকী দাঁড়িয়ে
সে ফাঁসি মঞ্চে তোমাকে জপবো বিড়বিড় করে।



