সাহিত্যউপন্যাস

সুন্দরতম সর্বনাশ

খ.
বেলা দ্বিপ্রহর পাঠশালা ছুটি। বালকেরা হৈচৈ করে মাঠে নেমে এলো; কিছুক্ষণ খেলাধুলা করে সবাই যে-যার বাড়ি চলে যাবে। কৃষ্ণকে নিয়ে গুরুদেবের কক্ষে এসে তাঁকে প্রণাম করে দাঁড়িয়ে থাকলো ওমর।

—ওমর, প্রথম দিন পাঠশালা কেমন লাগল, কোনো অসুবিধা হয়নি তো তোমার?

—আজ্ঞে না, গুরুদেব; কোনো অসুবিধা হয়নি।

—কৃষ্ণ, এখন থেকে তুমি আর ওমর একসাথে পাঠশালাতে আসা-যাওয়া করবে কেমন।
—আজ্ঞে কাকা।

গুরুদেব শঙ্করাচার্য নিজের কাজে মন দিলেন; কৃষ্ণ আর ওমর মাঠে চলে গেল অন্যদের সঙ্গে খেলা করার জন্য।

আজকের এই দিন ওমরের জীবনের একটি স্মরণীয় দিন, স্বপ্ন পূরণের দিন; আম্মার মৃত্যুর পর থেকে নিদারুণ কষ্ট বুকে চেপে যে স্বপ্নের জাল সে বুনেছিল মনে মনে—আজ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। আম্মার কথা আজ খুব মনে পড়ছে; যে স্বপ্ন আজ পূরণ হয়েছে, তা শুধু একা ওমরের নয়—আম্মারও।

প্রথম পরিচয়ে ওমরকে সবাই আপন করে নিয়েছে; ওমরের মনে এখন আর কোনো জড়তা নেই; সকালের ভীতি কেটে গেছে; ওমর এখন এই পাঠশালার অন্য আর দশজন ছাত্রের মতোই প্রাণচঞ্চল। বৌদ্ধ ছাত্ররা তো প্রথমে ওমরকে তাদের স্বজাতি ভেবেছিল, তাই তাদের সাথেও সক্ষতা গড়তে সময় লাগেনি ওমরের।

মুরাদনগর এখন ওমরের জীবনের অতীত অংশ; সে আর পিছনে তাকাতে চায় না; যদিও দাদা-দাদির কথা মাঝে মাঝে মনে পড়ে, তাদের জন্য উদাস হয়ে যায় তার মন; তবুও সে আর মুরাদনগরে ফিরে যেতে চায় না—মৃত্যু শয্যায় দেওয়া আম্মার শেষ উপদেশ এখন তার চলার সঙ্গী ও সাহস। ঘর ছাড়ার পর কিছুদিন বাল্যবন্ধু রহিমের অভাব অনুভব করত ওমর; কিন্তু আজ রহিমের সেই শূন্যতা পূরণ করেছে কৃষ্ণ—খেলা শেষে দুই বন্ধু গলায় হাত দিয়ে গল্প করতে করতে বাড়ির দিকে রওনা হয়ে গেল।

—ওমর, তুই সাঁতার জানিস?

—জানি, কিন্তু কেন?

—তবে বাড়িতে পুঁথি-পত্র রেখে মন্দিরের সামনে আয়; আজ আমরা এক সাথে মন্দিরের পুকুরে স্নান করব।

—মন্দিরের পুকুর আছে নাকি?

—হাঁ, মন্দিরের পিছনে একটা বড় পুকুর আছে; গ্ৰামের সবাই ওই পুকুরে স্নান করে।
—ঠিক আছে, আমি এই গেলাম আর এলাম।

দুই বন্ধু যে-যার বাড়িতে চলে গেল।

সদর দরজা ঠেলে বাড়ির ভিতরে ঢুকে ওমর দেখল অর্চনা দেবী রাঁধুনি ঠাকুরুনকে সাথে নিয়ে উঠানের চুলায় রান্না করছেন। ওমরের আওয়াজ পেয়ে পার্বতী দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো; একদিনেই পার্বতী ওমরের ভক্তে পরিণত হয়ে গেছে; অবশ্য এটাই স্বাভাবিক—খেলার সঙ্গী পেলে শিশুরা মিশে যেতে আর দেরি করে না। আগে পার্বতীর দিন কাটতো একা একা খেলা করে, না হয় মায়ের সান্নিধ্যে; কিন্তু এখন ওমর তার নতুন খেলার সঙ্গী। ওমরকে দেখে অর্চনা দেবী বললেন, ‘ওমর, পাঠশালা কেমন লাগল?’

—আম্মা, খুব ভালো—আম্মা কৃষ্ণের সাথে মন্দিরের পুকুরে স্নান করতে যাই?

—কৃষ্ণের সাথে পরিচয় হয়েছে বুঝি?

—আজ্ঞে আম্মা, আমরা একই শ্রেণীতে পড়ি।

—ঠিক আছে যা, তবে সাবধান ওমর, মন্দিরের পুকুর কিন্তু অনেক বড়।

—ভয় নেই আম্মা, আমি সাঁতার জানি।

বিশাল এই ব্রহ্মাণ্ড যেমন রহস্যময়, ঠিক তেমনি রহস্যাবৃত মানুষের মনোবৃত্তি; তাই তো কুলিন ব্রাহ্মণ, মন্দিরের একনিষ্ঠ পুরোহিত শঙ্কর যখন ওমরের মতো এক মুসলমান ছেলেকে পিতৃস্নেহে আপন গৃহে ঠাঁই দিলেন, তখন এই আবেগের উৎসের সন্ধ্যান করা নিতান্তই বৃথা। মানুষের আবেগ কখন কোথায় বাঁধা পড়ে, কখন কোথায় রূপ বদলায়—মানুষের পক্ষে তা পূর্বানুমান করা অসম্ভব; মনের এই রহস্যময়তার কারণেই মানুষ প্রকৃতির শ্রেষ্ঠ সন্তান।

অনুকূল পরিবেশ পেলে বৃক্ষ যেমন তরতরিয়ে বিকশিত হয়, তেমনি ওমরও শঙ্করাচার্যের অপার স্নেহে, পাঠশালার নির্মল পরিবেশে শরীর এবং মন দুই দিক দিয়েই বিকশিত হতে লাগল সবুজ বৃক্ষের মতো।

গ.
এক মাস পার হয়ে গেছে; ইতোমধ্যে পাঠশালা ও উদয়নগরের মাটি আর মানুষের আত্মার সাথে মিশে গেছে ওমর। প্রতিদিন কৃষ্ণের সাথে পাঠশালায় আসা-যাওয়া, বাড়িতে যথা সম্ভব আম্মাকে কাজের সাহায্য করা; সব মিলিয়ে ওমরের জীবনে ফিরে এসেছে পারিবারিক ছন্দ। ওমর পড়ে পাঠশালায়, আর ওমরের কাছে পড়ে পার্বতী; যদিও পড়ার চাইতে দুষ্টুমিতেই পার্বতীর মনোযোগ বেশি; কিন্তু ওমর যেন এক ধৈর্যশীল শিক্ষক। পাঠশালার শিক্ষকদের অনুকরণ করে পার্বতীকে পড়িয়ে সে নিজেও আনন্দ অনুভব করে। সন্ধ্যায় আবার দু’জনে পড়তে বসে গুরুদেবের কাছে; সন্ধ্যার এই সময়টুকুর জন্য সারাদিন প্রতীক্ষা করে ওমর; কারণ সন্ধ্যায় ওমরকে পড়াতে বসে পণ্ডিত ধীরে ধীরে উন্মোচিত করেন তার বিশাল জ্ঞানের ভাণ্ডার; আর একনিষ্ঠ অনুরাগীর মতো সেই ভাণ্ডার থেকে ওমর সংগ্রহ করে তার আগামী দিনের বেঁচে থাকার পাথেয়। মাঝে মাঝে কৃষ্ণও গুরুদেবের কাছে পড়তে আসে, তখন অনেক রাত পর্যন্ত চলে দুই বন্ধুর জ্ঞান চর্চা।

গুরু গৌতম আজ অনেকক্ষণ ধরে পড়ালেন। শ্রেণিকক্ষে ঢুকেই তিনি বললেন, ‘আজ আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে পাঠদান করব; সবাই মনোযোগ সহকারে শুনবে, কিন্তু যদি কারও বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে—আমি বুঝিয়ে দেবো।’

সবাই চুপচাপ; গুরু গৌতম শুরু করলেন, ‘আজ আমি তোমাদের শোনাবো প্রভু বুদ্ধের একটি বিখ্যাত উক্তি; যাকে এক কথায় বলে প্রভু বুদ্ধের ‘স্বর্ণ বিধি।’ অর্থাৎ প্রভু বুদ্ধের যতো বাণী প্রচারিত হয়—এটি তার মধ্যে একটি শ্রেষ্ঠ বাণী। আর সেই বাণীটি হলো: ‘তুমি নিজের জন্য যা সঠিক মনে করো না, অন্যের বেলায় তা করো না।’ (ক্যারেন আর্মস্ট্রং, বুদ্ধ—অনুবাদ শওকত হোসেন। পৃষ্ঠা ১৩১, লেখকের টিকা)।

তারপর গুরু গৌতম ব্যাখ্যা করতে লাগলেন এই বাণীর মর্মার্থ।—’নিজের জন্য বাঁচাই, একমাত্র বাঁচা নয়; অন্যের সুখ-দুঃখ অনুভব করতে পারা, এবং অন্যের কষ্ট লাঘব করার প্রচেষ্টার মধ্যে নিহিত মানুষের প্রকৃত মনুষত্ববোধ। আমরা সব সময় নিজের আয়নায় অন্যদের দেখি, কিন্তু অন্যের আয়নায় নিজেকে দেখতে পারার ক্ষমতাই হচ্ছে প্রকৃত দূরদৃষ্টি। আগুনে হাত পুড়লে তুমি যেমন যন্ত্রণা অনুভব করো, তদ্রুপ অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে এই অভিজ্ঞতা একই রকম; তাই অন্যের ঘরে আগুন দেবার আগে নিজের ঘরের কথা একবার আমাদের ভেবে দেখা উচিত।’
সকলের সাথে ওমরও তন্ময় হয়ে শুনলো গুরু গৌতমের অমৃত বচন; অবশ্য শুধু শুনলো বললে সবটুকু বলা হবে না—সে আস্বাদন করল অমৃতের অপার্থিব স্বাদ।

ছুটির ঘন্টা বেজে গেছে, বালকেরা সবাই হৈচৈ করে মাঠে নেমে এলো। কৃষ্ণ, ওমর, প্রকাশ, ধীরেন সহ সাত-আট জন বন্ধু মিলে সব সময় একসাথে খেলা করে—সে যে-খেলাই হোক। প্রকাশ ও জ্যোতি এদের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী; অবশ্য প্রথমে ওমরকে ওরা বৌদ্ধ ভেবেছিল। প্রকাশ বললো, ‘কৃষ্ণ, চলো আজ আমরা ধ্যানের প্রতিযোগিতা করি।’

—কোথায়?

—কেন, আমাদের আবাসিক ভবনের পিছনের বড় অশ্বত্থ গাছের তলে বসে।

অনেক উৎসাহ নিয়ে জ্যোতি প্রশ্ন করল, ‘কিন্তু কীভাবে করব, আর কতক্ষণ করব?’

—আমরা সবাই একসাথে ধ্যানে বসবো, যার ধ্যান ভাঙবে সে নীরবে চলে যাবে—অন্যদের ধ্যান যেন না ভাঙে, এই ভাবে। তারপর যার ধ্যান শেষে ভাঙবে সে-ই হবে বিজয়ী।’

প্রকাশ বুঝিয়ে দিলে সকলের পছন্দ হলো; রোজকার খেলায় নতুনত্ব আসায় সকলে খুশি; ওমরও ভীষণ উত্তেজিত, কারণ সে-ও ধ্যান করতে পারে, এবং ধ্যান করা সে খুব উপভোগ করে।

পাঠশালার পরিচিত কোলাহলের সম্পূর্ণ বিপরীতে আবাসিক ভবনের পিছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই সুবিশাল অশ্বত্থ গাছ। সময়ের বহু স্মৃতি বুকে নিয়ে আজও একা দাঁড়িয়ে আছে প্রাচীন ও বৌদ্ধদের কাছে অতি পবিত্র সেই গাছ। আজ যে স্মৃতি তৈরি হবে, তাকে বুকে ধারণ করার প্রস্তুতি হিসেবে ঝিরিঝিরি হাওয়া বাতাসে বইয়ে দিলো সে। গাছটি এতো বিশাল, আর ঘন পাতায় পূর্ণ যে, সূর্যের প্রখর আলোতেও গাছের নিচে থাকে সর্বদা এক ছায়া সুনিবিড় ঘোর লাগা স্বপ্নীল পরিবেশ; মনে হয় কিছুক্ষণ চুপ করে এখানে বসে থাকলে ঘুম আসতে বাধ্য।

বিদায়ের আয়োজন শুরু করেছে হেমন্ত, ঝরা পাতা তারই ইঙ্গিত দিয়ে যাচ্ছে; বাতাসে আসন্ন শীতের শূন্যতা; তার মাঝে এই অদ্ভুত অপার্থিব পরিবেশে পবিত্র গাছের নিচে খেলার ছলে ধ্যানে বসেছে সাতজন অবুঝ বালক।

প্রথমে ধ্যান ভাঙল কৃষ্ণের; যাতে অন্যদের কোনো বিরক্তি না ঘটে, তাই চুপিসারে সে চলে এলো গাছতলা থেকে। কৃষ্ণের দেখাদেখি ধীরেন ও জ্যোতি মাঠে ফিরে এসে অন্য খেলায় মেতে উঠল। শীতের সূর্য উঠতে না উঠতে, আবার বিদায়ের আয়োজনে ব্যস্ত; সাথে হিমেল হাওয়ায় বাজতে শুরু করেছে বেলা শেষের সুর।

কৃষ্ণ আজ একাই বাড়িতে চলে গেল; সে মনে মনে ভাবলো ধ্যান ভাঙলে ওমর একাই বাড়িতে চলে যাবে; কিন্তু ওমর নয়, পাঠশালার সব কাজ মিটিয়ে শঙ্করাচার্য বাড়িতে এসে দেখলেন—ওমর এখনো বাড়িতে ফেরেনি।

দ্বিপ্রহর খাওয়া শেষ, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো; তবুও ওমর বাড়িতে ফিরলো না। পণ্ডিত শঙ্কর চিন্তিত, এবং অস্থিরতায় ভুগতে লাগলেন; অর্চনা দেবীও উদগ্রীব—ছেলেটা গেল কোথায়? কোনো বিপদ হলো না তো? কোনো কিছু ঠিক করতে না পেরে পণ্ডিত কৃষ্ণকে ডেকে পাঠালেন, আর মনে মনে ভাবলেন—নিশ্চই কৃষ্ণ কিছু জানতে পারে!

অর্চনা দেবীর পিছনে কৃষ্ণকে উঠোনে ঢুকতে দেখে পণ্ডিত কৃষ্ণকে প্রশ্ন করলেন, ‘কৃষ্ণ, ওমর কোথায় বলতে পারো? আজ তোমরা একসাথে বাড়ি আসোনি?’

—না, কাকা।

কৃষ্ণ আজকের খেলার সব কিছু খুলে বলায়, পণ্ডিত চোখে একটা আশার আলো দেখতে পেলেন—হয়ত অশ্বত্থ গাছের তলে ওমরকে পাওয়া যেতে পারে। পণ্ডিতের মনে পড়ল ওমর তাকে বলেছিলো—সে ধ্যান করতে পারে; কিন্তু পণ্ডিত তখন ওমরের কথায় খুব একটা গুরুত্ব দেয়নি।

কৃষ্ণ এবং মন্দিরের সামনে যে দুই-তিন জন বসে গল্প করছিল তাদের নিয়ে, মন্দিরের একটা জ্বলন্ত দেউটি হাতে করে পণ্ডিত ওমরকে খুঁজতে বের হলেন। এমন কেন মনে হচ্ছে, কীসের এতো টান ওমরের প্রতি—কিছুই বুঝতে পারছে না শঙ্কর, কিন্তু ওমরকে ফিরে পাওয়ার জন্য, তার নিষ্পাপ মুখটা দেখার জন্য ভিতরে ভিতরে সে ব্যাকুল। তবে কি ঔরস্যজাত না হোক, ওমর তার মানস সন্তান! পণ্ডিতের প্রথম গন্তব্য পাঠশালার পেছনের অশ্বত্থ গাছ তলা; তার চোখে মুখে সন্তান হারাবার আতঙ্ক।

চিন্তা ও দুশ্চিন্তায় দুলতে দুলতে সবার আগে অশ্বত্থ তলে এসে দাঁড়ালেন শঙ্কর; মাটিতে খস খস আওয়াজ শুনে সে তাকিয়ে দেখল—বিশাল আকৃতির এক কালো কুচকুচে কাল কেউটে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। মনে হয় সাপটি এতোক্ষণ এখানে ছিল, তার পায়ের আওয়াজ শুনে সাপটি চলে যেতে বাধ্য হচ্ছে। মাটি থেকে গাছের বাঁধানো আসনের দিকে চোখ ফেরাতেই যে অপার্থিব দৃশ্য শঙ্কর দেখলেন, তা প্রকাশের জন্য মানুষের ভাষা অক্ষম; একমাত্র পরম সৌভাগ্যবান মানুষের পক্ষে এমন শাশ্বত সুন্দর দৃশ্যের সাক্ষী হওয়া সম্ভব। রোজ রোজ পৃথিবীতে এমন স্বর্গীয় দৃশ্যের অবতারণা হয় না; এমন পবিত্র দৃশ্য একমাত্র শঙ্করের মতো নির্মল মনের মানুষের পক্ষে দেখা এবং হৃদয়ঙ্গম করা সম্ভব। সমাপ্ত সন্ধ্যার এই নিগূঢ় রহস্যের অর্থ উদ্ধার করা হয়ত শঙ্করের ঋত্বিক মনের আয়ত্তাধীন।

শঙ্কর দেখলেন পাথরের মূর্তির মতো পদ্মাসনে বসে আছে বালক বুদ্ধ। শীত পড়া শুরু হয়েছে, কিন্তু পাতলা একটা জামা গায়ে ওমরের শরীরে শীতের কোনো লক্ষণ অনুপস্থিত। পৃথিবী ও প্রকৃতি যেন ধ্যানমগ্ন ওমরের সাথে মিশে গেছে এক বিন্দুতে; সময় এখানে স্থির, ধ্যানমগ্ন ওমরের মতো। হতবিহ্বল হয়ে কয়েক মুহূর্ত ওমরের দিকে তাকিয়ে থাকলেন পণ্ডিত; তারপর ধীরে ধীরে ওমরের কাছে গিয়ে স্নেহের সুরে তিনি ডাকলেন, ‘ওমর।’
ওমর চোখ মেলে তাকালো, কিন্তু তার ধ্যানের ঘোর এখনো কাটেনি; পণ্ডিতের স্নেহের হাতটি ওমরের কাঁধ স্পর্শ করা মাত্র কেঁপে উঠল সে; মনে হলো যেন পণ্ডিতের স্পর্শ পাথরের মূর্তির মাঝে সঞ্চারিত করেছে প্রাণের স্পন্দন।

এতক্ষণে সবাই পণ্ডিতের পিছনে এসে দাঁড়িয়েছে; ধ্যানমগ্ন ওমর, তার পায়ের কাছে প্রহরায় বসে থাকা কাল কেউটে, আর পণ্ডিতের ত্রিমাত্রিক টানাপোড়নের অপরূপ মুহূর্তের কিছুই অনুভব করতে পারলো না কেউ; শুধু ওমরকে ফিরে পেয়ে চিন্তামুক্ত হলো সবাই। অথচ ওমরকে ফিরে পেয়ে পণ্ডিতের মনের গভীরে শুরু হয়েছে এক অদ্ভুত আলোড়ন। পণ্ডিতের কেবল মনে হচ্ছে—আর দশজন সাধারণ বালককে মতো নয় ওমর; তাকে আশ্রয় দিয়ে পণ্ডিত কোনো ভুল করেনি।

ভোর বেলা মন্দিরের সামনের বটগাছ তলায় বসে কয়েক জন গতকাল ঘটে যাওয়া ওমরের ধ্যান করা নিয়ে আলাপ করছিল; পূজা শেষে পণ্ডিত শঙ্কর এসে সেই আলোচনায় যোগ দেওয়াতে আলোচনা আরও বেগবান হলো। সবাই মোটামুটি একটা বিষয়ে একমত—বারো বছরের একটা বালকের পক্ষে এমন গভীর ধ্যানে বসা অসম্ভব, যদি না তার কোনো ঐশ্বরিক ক্ষমতা থাকে। ওমরের এই অসাধারণ ও অস্বাভাবিক ক্ষমতার পিছনে নিশ্চয়ই কোনো ঐশ্বরিক হাত আছে; আর সেই অপার্থিব শক্তি ওমরকে উদয়নগর পর্যন্ত টেনে এনেছে। গত এক মাসে ওমর তার অমায়িক ব্যবহার দিয়ে জিতে নিয়েছে সকলের মন, আর গতকাল সে সকলের মনে একটা স্থায়ী আসন করে নিয়েছে। গ্ৰামে যারা এতো দিন ওমরকে নিয়ে ভিতরে ভিতরে অস্বস্তি অনুভব করত—তাদের মনে ওমরকে নিয়ে আর কোনো সংশয় রইলো না।

ওমরের পায়ের কাছে প্রহরায় বসে থাকা কালকেউটে (পণ্ডিতের কিন্তু তাই মনে হয়েছিল), ধ্যানমগ্ন ওমরের অপার্থিব মৃর্তি, সমাপ্ত সন্ধ্যার সেই ঝিরিঝিরি সুমধুর সুর—পণ্ডিত যখন বর্ণনা করছিলেন, তখন কারও মুখে কোনো শব্দ ছিল না, সবাই ছিল নির্বাক; সবাই যেন পণ্ডিতের চোখে গতকালের ধ্যানমগ্ন সেই ওমরকে দেখছিল। সবকিছু শোনার পরে নীরবতা ভেঙে নির্মল কাকা বললেন, ‘শঙ্কর, আমার দৃঢ় বিশ্বাস, ওমর তোমার এবং আমাদের এই গ্রামের জন্য এক শুভ লক্ষণ বহন করে এনেছে।’

নির্মল খুঁড়োর কথা ধরে ইন্দ্রনাথ বলল, ‘শঙ্কর, আমার মনে হয় কালী মা নিজে ওমরকে তোমার হাতে তুলে দিয়েছেন; তা না হলে গ্রামে এতো জায়গা থাকতে মন্দিরের দেউলে কেন আশ্রয় নেবে ওমর—তোমার আর পুত্র সন্তানের অভাব রইলো না।’

সমগ্ৰ পাঠশালায় বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়েছে ওমরের অস্বাভাবিক ক্ষমতার কথা, তার অতুলনীয় ধ্যানের কথা। বয়োজ্যেষ্ঠ বৌদ্ধ ছাত্ররা ওমরকে দেখতে এসে, সবাই ওমরকে আশির্বাদ দিয়ে গেছে; আর ওমরের বন্ধুরা ইতোমধ্যে ওমরের নতুন নাম দিয়েছে—’বালক বুদ্ধ।’ গুরু আনন্দ পড়াতে এসে ওমরের প্রতি স্নেহের বশবর্তী হয়ে বললেন, ‘ওমর, তুমি তো আমাকে অবাক করে দিলে।’

কোনো কথা না বলে ওমর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। গুরুদেব ওমরকে অভয় দিয়ে বললেন, ‘লজ্জার কিছু নেই ওমর, তোমার মতো ধ্যান করার ক্ষমতা খুব কম মানুষের মধ্যে থাকে; তবে আমার জানার খুব ইচ্ছা—তুমি কী ধ্যান করছিলে, এবং কী দেখেছিলে ধ্যানের মধ্যে?’

—গুরুদেব, মলয় বর্মন আমাকে বলেছিলেন, ‘একাগ্ৰচিত্তে কোনো পবিত্র চিন্তায় মগ্ন থেকে ধ্যান করতে; তাই আমি যখনই ধ্যান করতাম—আম্মার মুখ মনে করে করতাম’।

—তা গতকালও কি তাই করেছিলে?

—আজ্ঞে গুরুদেব।

—তা কী দেখেছিলে?

—আম্মা আমার কাছে জল পান করতে চাইলেন; আমি একটা ঘড়া নিয়ে এক অচেনা নদীর তীরে গেলাম জল আনতে। নদীর জল খুব পরিষ্কার ছিল, এমন কী আমি নদীর তলার মাটি পর্যন্ত দেখতে পাচ্ছিলাম। যখন জল নেবার জন্য নদীতে ঘড়া ডোবালাম, তখন নদীর জলে আমি অনেক ছবি দেখতে শুরু করলাম; আর অবাক হয়ে সেই সব ছবি দেখছিলাম—এমন সময় গুরুদেব আমায় ডাক দিলেন।

আসলে ওমর দেখছিল অপরূপ এক যুবতী নদীর জলে সাঁতার কাটতে কাটতে দু’হাত বাড়িয়ে তাকে ডাকছে; স্রোতের সাথে তাল মিলিয়ে দুলছে তার দিঘল কালো কুন্তল; আর যুবতীর চারপাশে যুবতীর সাথে সাঁতার কাটছে বিভিন্ন রঙের অদ্ভুত কিছু মাছ। কিন্তু ওমর যুবতীকে চিনতে পারেনি, আগে কোনো দিন তাকে ওমর দেখেনি; গতকাল রাত থেকে অনেক চেষ্টা করেছে সে—সব বৃথা। যুবতীকে ওমর চিনবেই বা কী করে? কারণ গতকাল জলের ভিতরে যাকে ওমর দেখেছিল—সে ছিল ওমরের ভবিষ্যত, আর ওমরের পক্ষে তো ভবিষ্যৎ দেখা সম্ভব নয়; কিন্তু একটা বিষয় নিশ্চিত—ওমর ঐ মুখ কখনোই ভুলবে না।

লজ্জায় গুরুদেবকে ওমর বলতে পারেনি সেই যুবতীর কথা; কিন্তু ওমর মনে মনে ঠিক করে নিয়েছে—এই অপরূপ সুন্দরীকে সে খুঁজে বের করবেই।

পাঠশালা বন্ধ, এক মাস বাৎসরিক ছুটি; মাঘ মাসের শীতে প্রকৃতি যেন অসহায়। অথচ ঘরে ঘরে পিঠা-পুলির উৎসব; খেজুরের রস, এবং রস জ্বালিয়ে গুড় বানাবার গন্ধে শীতের সকাল যেন মৌ মৌ। বিল শুকিয়ে চৌচির, কৃষ্ণ ও ওমর এখন খুব ব্যস্ত বিলের ডোবায় মাছ ধরা নিয়ে। শীতের সূর্যের মতো সময়ও বয়ে যাচ্ছে দ্রুত; কিন্তু ওমর এখনো চোখ বন্ধ করলে দেখতে পায় নদীর জলের সেই অপরূপ যুবতীকে —মাঝে মাঝে চেনা মনে হয়, আবার মনে হয় আজন্ম অপরিচিতা।

ঘ.
দেখতে দেখতে শীতের ছুটি শেষ হয়ে গেছে, খুলেছে পাঠশালা; পাগলা ঘোড়ার মতো সময় বয়ে যাচ্ছে দ্রুত। কৃষ্ণ, পাঠশালা, আর উদয়নগর আমূল বদলে দিয়েছে ওমরের জীবন—সে এখন পাঠশালার অন্যতম মেধাবী ছাত্র, এবং গুরু আনন্দের প্রিয় পাত্র।

জৈষ্ঠ্য মাস, পাকা আম-কাঁঠালের মধুর গন্ধে মাতোয়ারা চারদিক। অতিরিক্ত গরম পড়েছে এ বছর, তাই বেলা দ্বিপ্রহর হবার আগে পাঠশালা ছুটি হয়ে যায়। কৃষ্ণ এখন আর একা বাড়ি ফেরে না; ওমরকে সাথে নিয়ে একত্রে বাড়ি আসে। ওমর কিছু বলতে চাইলে কৃষ্ণ হাসতে হাসতে বলে, ‘মাইরি, আমার ভয় লাগে; তুই যদি আবার কোনো জঙ্গলে গিয়ে ধ্যানে বসে যাস!’

—কেন, আমি কি পাগল? যে হুটহাট করে যেখানে সেখানে ধ্যানে বসে যাব?

এইভাবে কাটতে থাকে দুই বন্ধুর অম্ল-মধুর শৈশব।

এদিকে পাঠশালা থেকে বাড়ি ফেরার সময় প্রতিদিনই পার্বতীর জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসা ওমরের অভ্যাসে পরিণত হয়েছে; আর পার্বতীও অপেক্ষায় থাকে—ওমর কখন বাড়ি ফিরবে।

আজ বাড়ি ফেরার পথে মন্দিরের পাশের আম গাছ তলায় দুইটা আম পড়ে থাকতে দেখে দুই বন্ধু ভাগ করে নিয়ে বাড়ি চলে গেল। প্রতিদিনের মতো সদর দরজা ঠেলে বাড়ির ভিতরে ঢুকে ওমর দেখল আম্মা রাঁধুনি ঠাকুরুনকে সাথে নিয়ে কাজ করছেন; উঠানে পার্বতীকে না দেখতে পেয়ে, ওমর পার্বতীর নাম ধরে ডাকতে লাগল; তবু পার্বতীর কোনো সাড়া-শব্দ না পেয়ে ওমর আম্মার কাছে গিয়ে জিজ্ঞেস করল, ‘আম্মা, পার্বতী কোথায়?’

—পার্বতী তো এখানেই ছিল, ওমর।

আম্মা উত্তর দিলেন। ওমর পার্বতীকে খুঁজতে ঘরে গেল, কিন্তু ঘরেও পার্বতী নেই। হঠাৎ ওমরের মনে হলো—পার্বতী পুকুরে যায়নি তো একা একা! ঘর থেকে তাড়াতাড়ি এক লাফে বের হয়ে—আম্মা, পার্বতী তো ঘরেও নেই—বলেই দৌড়ে বাড়ির পিছনের পুকুরের দিকে যেতে লাগল ওমর।

পুকুরঘাটে এসে ওমর দেখল—পার্বতী হাবুডুবু খেতে খেতে আস্তে আস্তে পুকুরের মধ্যে চলে যাচ্ছে। আর দেরি না করে এক লাফে পুকুরে নেমে সাঁতরে পার্বতীকে ধরে ফেললো ওমর। এদিকে ওমরের পিছনে পিছনে অর্চনা দেবী ও কাকি মা পুকুর পাড়ে এসে দেখলেন, ওমর পার্বতীকে টেনে ঘাটে তুলছে; কাঁদতে কাঁদতে পার্বতীকে কোলে নিয়ে অর্চনা দেবী দেখলেন—পার্বতী জল খেয়েছে প্রচুর, কিন্তু জ্ঞান ঠিকই আছে, সে কাঁপছে। কিছুক্ষণ পর বমি করে পেট থেকে যথেষ্ট পরিমাণ জল বের করে দিয়ে স্বাভাবিক হলো পার্বতী; বিপদ কেটে গেছে, কাকি মাও হাফ ছেড়ে বাঁচলেন।

পার্বতীর সেবা করতে করতে আর কাঁদতে কাঁদতে সন্ধ্যারানী অর্চনা দেবীকে বললেন, ‘ও ঠাকুরের বউ, এই ছেলে তো মানুষ না, সাক্ষাৎ দেবতা।’

আজ থেকে সন্ধ্যা রানীরও কোনো অভিযোগ নেই ওমরের বিরুদ্ধে, বরং নিজের অজান্তেই কখন যে তিনিও ওমরকে ভালোবেসে ফেলেছেন তা জানতেও পারেননি।

(চলবে)

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension