
ইমন হোসেন
দুঃখকে সশরীরে দেখনি কোনদিন?
তবে আমাকে দেখ,
আমিই দুঃখ!
আমার চেহারায় দেখ—
দুঃখের বিভৎস রূপ,
আমার বুকে হাত রেখে দেখ,
চেয়ে দেখ রঙ বেরঙের ক্ষত,
আরেকটু গহিনে যাও,
কি? স্বপ্নের দুর্গন্ধ পাও?
চেয়ে দেখ, এখনো জমে আছে কয়েক ফোটা ক্ষরিত রক্ত!
হৃদপিণ্ডের চিৎকারে শুনে নাও পৃথিবীর সব হাহাকার!
অপূর্ণতা কী? দেখতে চাও?
আমিই অপূর্ণতার প্রতিচ্ছবি,
বুকের শূন্য পাঁজর পরিপূর্ণ-সীমাহীন অপূর্ণতায়,
দেখ, আমাকে দেখ, আমিই অপূর্ণতা।
বিষাদ সিন্ধু দেখনি?
তবে, আসো, কিছুক্ষণ ভাসো,
ভেসে দেখ আমার অশ্রুতে,
বিশ্বাস করো, বিষাদ সিন্ধুর অকূলে তুমি হারাবেই।
অবহেলা কি? তুমি জানো না?
তবে আপাদমস্তক চেয়ে দেখ আমাকে,
দেহ ঢেকে রাখা আমার এ চামড়াটাই অবহেলা!
কি? দেখলে কি তার রঙিন যৌবন?
বেদনার বিষাক্ত ছায়া তোমাতে পড়েনি কোনদিন?
তবে আমার পাশে এসে দাঁড়াও,
বুঝে নাও বিষাদের তীব্রতা।
কতটা শূন্যতায়—
হারিয়ে যায় জীবনের প্রতি স্পৃহা,
জানো না?
তবে পড়ে দেখ আমাকে।
বেঁচে থাকা মানেই তীলে তীলে ক্ষয়ে যাওয়া
শোন নি কোনদিন?
তবে শুনে দেখ হৃদয়ের নীরব চিৎকার!



