কবিতাসাহিত্য

দূরে থাকা কাছের মানুষ

সাথী আখতার


কতদিন তোমাকে দেখি না, বলো তো?
পেরিয়ে গেছে কি একশ’ কোটি বছর?
পৃথিবীর কোন্‌ শহরে থাক এখন তুমি?
এই যে এই শহরের কত কত রাস্তা এখনো
আমাদের ভালোবাসার সাক্ষ্য বহন করে
শুকতারার মতো জ্বলছে, তুমি কি বাস করো এখনো
এই শহরে? আমি তা জানি না।

আমি শুধু জানি আমার হৃদয়ে তুমি
একটা মায়ানগর তৈরি করে বসে আছ।
সেখান থেকে প্রতিনিয়ত মুঠো মুঠো
রোদের মতো ছুঁড়ে দিচ্ছ মায়া,
বর্ষার আদি-অন্তহীন বৃষ্টির মতো আমাকে
ভিজিয়ে রেখেছ ভালোবাসায়।
আমি সেই অদৃশ্য মায়াবী মখমলি রোদ
গায়ে মেখে, অদৃশ্য ভালোবাসার বৃষ্টিতে
ভিজতে ভিজতে তোমার সাথে কাল্পনিক
কথোপকথনে ডুবতে ডুবতে
জাগতিক দুনিয়ার সমস্ত কাজ করি।

কেউ জানে না এসব।
কেউ জানে না তোমার নামে এখনো
পদ্মের মতো কেঁপে ওঠে হৃদয়।
এখনো যখন হৃদয়ে ঢেউ তোলে
ভালোবাসার গান কিংবা কবিতা
তখন মনে পড়ে যায় আমাদের
স্বপ্নমাতাল, জ্বরতপ্ত ভালোবাসাবাসির উষ্ণ দিন।

এখনো কেউ যখন প্রেমকাতর গলায় তার
ভালোবাসার মানুষের গল্প বলে- তখনো
হৃদয়ে ধ্বনিত হতে থাকে তোমার নাম।
মনে হয় এই গুছিয়ে নেওয়া জীবন, ঘর-গেরস্থালি
ছেড়ে-ছুঁড়ে একছুটে চলে যাই তোমার কাছে।
পরমুহূর্তে পাগল মনটাকে সামলে বলি—
‘তা আর হয় না। তুমি বরং যেভাবে আছ
সেভাবেই থাক, দূরে থাকা কাছের মানুষ।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension