নিউ ইয়র্ক

নিউইয়র্কের টাইমস স্কয়ারে দুর্গাপুজো ২০২৬: উইমেন এমপাওয়ারমেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর শর্মিষ্ঠা রায় চৌধুরী ও সুরথ চক্রবর্তী

কলকাতা থেকে প্রতিনিধি:
নিউইয়র্কের বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে আয়োজিত হতে চলা দুর্গাপুজো ২০২৬-এর সঙ্গে নতুন দায়িত্বে যুক্ত হলেন মডেল শর্মিষ্ঠা রায় চৌধুরী এবং শিল্পী সুরথ চক্রবর্তী। তাঁদের যথাক্রমে মডেলিং ও শিল্প বিভাগে উইমেন এমপাওয়ারমেন্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গল-এ আয়োজিত টাইমস স্কয়ার দুর্গাপুজো ২০২৬-এর বিশেষ প্রেস কনফারেন্সে তাঁদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ড. শংকর ঘোষ, বিশিষ্ট বাচিকশিল্পী প্রণতী ঠাকুর, অভিনেত্রী ও টাইমস স্কয়ার দুর্গাপুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঋতুপর্ণা সেনগুপ্ত, আয়োজক শর্মিষ্ঠা ঘোষ এবং বেঙ্গলী ক্লাব ইউএসএ-র সভাপতি ও টাইমস স্কয়ার দুর্গাপুজোর প্রতিষ্ঠাতা দীনেশ চন্দ্র মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী বসু বন্দ্যোপাধ্যায়সহ বিশিষ্ট অতিথিরা।

অনুষ্ঠানে মহিলা ঢাকিদের বিশেষ পরিবেশনা উপস্থিত দর্শক ও অতিথিদের নজর কাড়ে। ঢাকের বোল, সাংস্কৃতিক পরিবেশনা এবং অতিথিদের উপস্থিতিতে কলকাতার মাটিতেই যেন ফুটে ওঠে নিউইয়র্কের আসন্ন দুর্গোৎসবের আবহ।

টাইমস স্কয়ার দুর্গাপুজোর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছে বেঙ্গলী ক্লাব ইউএসএ। সংগঠনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট দীনেশ চন্দ্র মজুমদারের নেতৃত্বে এবার বসতে চলেছে এই পুজোর তৃতীয় সংস্করণ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের দ্বিতীয় সংস্করণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকেও একটি বিশেষ বার্তা পৌঁছেছিল।

আগামী ১৭ ও ১৮ অক্টোবর ২০২৬ নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য দুর্গোৎসব। বিশ্বখ্যাত এই জনপরিসরে দুর্গাপুজোর আয়োজনের মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাকে আন্তর্জাতিক পরিসরে আরও বিস্তৃতভাবে তুলে ধরাই আয়োজকদের অন্যতম লক্ষ্য।

এবারের আয়োজনে শর্মিষ্ঠা রায় চৌধুরী ও সুরথ চক্রবর্তীর পাশাপাশি নতুন দায়িত্বে যুক্ত হয়েছেন বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যচর্চার সঙ্গে যুক্ত বক্তা, লেখক ও বিশেষজ্ঞ চিকিৎসক ড. পার্থসারথি মুখোপাধ্যায়। তাঁকে Global Cultural Convenor and Heritage Ambassador হিসেবে মনোনীত করা হয়েছে।

মডেলিং, শিল্প এবং সংস্কৃতি-ঐতিহ্যচর্চার তিন ভিন্ন ক্ষেত্রের এই তিন বাঙালির এক আন্তর্জাতিক মঞ্চে যুক্ত হওয়া নিঃসন্দেহে এবারের টাইমস স্কয়ার দুর্গাপুজোকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। বাঙালির শিকড়, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরার এই উদ্যোগ প্রবাসী বাঙালি সমাজের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের মধ্যেও নতুন আগ্রহ তৈরি করবে বলে মনে করছেন আয়োজকরা।

ছবি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension