
কেমন আছিস বন্ধু রে তুই
আছিস কেমন বল্?
চা খাবো সিগারেট ফ্রি
তাড়াতাড়ি চল্।
কতদিন যে হয় না দেখা
ব্যস্ততা বুঝি বাড়লো?
আবেগ ভালবাসা
কোথায় যেন হারালো!
অফিস বাসা আর সংসার
নিয়ে আছিস্ বেশ
বেকারত্বের দশায় পড়ে
আমার জীবন শেষ।
এখন না কবো কথা
কাজের আছে চাপ
পরে এসে খাবো চা
করে দিস মাফ।
ব্যস্ততারই অজুহাতে
বন্ধু গেল চলে
আবার হবে দেখা কিনা
গেল না তো বলে।
সফল যারা ব্যস্ত তারা
আমি বোকার হদ্দ
বেকার আমি লিখে গেলাম
অসময়ের গদ্য।
হয়নি ছাপা, কেউ পড়েনি
কষ্টের পাণ্ডুলিপি
পড়বেও না কেউ
তবুও যাই লিখি।
সফলতা স্বার্থকতাই
বন্ধুর মাপকাঠি।
দূরত্ব বেড়েছে যেথায়
আবেগ সেথায় মাটি।



