
প্রবীর বারিক
উলুবনে কাশের দোলা
চতুর্দিকে ফুলের মেলা
ঋতুর রানি শারদ,
ঘন বাদল বৃষ্টি শেষে
শারদীয়া উঠল হেসে
নিম্ন গতি পারদ।
পেঁজা তুলো মেঘের নীলে
ওড়ে পাখি শান্ত ঝিলে
কাঠফাটা রোদ বৃষ্টি,
সমারোহ ধানের ক্ষেতে
শিউলি তল শিশির পেতে
নয়ন মুগ্ধ সৃষ্টি।
নৌকা পালে বিলাস পবন
নববধূর রূপ ও যৌবন
প্রকৃতিতে স্বস্তি,
বাঁশবনে ঐ ডাহুক ডাকে
শালুক পাতা পদ্ম ফাঁকে
উৎসব সাজে বস্তি।
পচা ভাদ্দের তালের পাকা
আশ্বিনে রাত শীতল চাকা
কিচ্ছা শোনায় দাদু,
মাধবী জুঁই মল্লিকা রূপ
সবার ঘরে নাইওর ধূপ
জ্যোৎস্না রাতে ভাদু।
সবুজ ধানের ঝলমলানি
কল্প পরীর কলকলানি
আকাশ মেলে ডানা,
উমা মায়ের মর্ত্যে গমন
দুর্গতি নাশ শত্রু শমন
আনন্দে রথ টানা।



